বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 28 November 2025 22:37
দ্য ওয়াল ব্যুরো: বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে এবার কড়া ভাষায় চিঠি দিল নির্বাচন কমিশন। ইসিআই দফতরের সচিব সুজিত কুমার মিশ্র রাজীব কুমারকে শুক্রবার এই চিঠি দিয়েছেন। তাতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, বিএলও-সহ SIR এর কাজে যুক্ত ব্যক্তিদের একাধিক ফিল্ড ওয়ার্ক রয়েছে। সেখানে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তাতে নজর রয়েছে কমিশনের।
বিএলও-সহ সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ পুলিশের। ফলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ করার তা করতে হবে প্রশাসনকে। চিঠিতে আরও লেখা হয়, যে ধরনের ভীতি কাজ করছে বা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তা দ্রুত ঠিক করতে হবে।

'মাত্রাতিরিক্ত' কাজের চাপ৷ একের পর এক অসুস্থ হচ্ছেন, এমন অভিযোগ তুলে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। সিইও দফতরের সামনে ধরনা-বিক্ষোভ চলে।
ঘটনার পর রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারদের চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিমকোর্টের দ্বারস্থও হয় তারা।
আদালতে অভিযোগ জানায়, বাংলায় ভোটার তালিকার খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের উপর রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। নেতারা ভয় দেখানোর চেষ্টা করছেন। বুধবার এই মর্মে কোর্টে একটি হলফনামাও জমা দেয় কমিশন।
শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ২৩ জন বিএলওর। তাঁরা দাবি তোলেন, প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয়-দেখানোই কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে।
এসবের পর এবার কড়া ভাষায় চিঠি। যার গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।