ভোটের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্যে আসা মানে পরের দুই থেকে তিন দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

শেষ আপডেট: 2 March 2026 16:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (west bengal election 2026) আগে জোরদার প্রস্তুতির মাঝেই নতুন জল্পনা। নেপথ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফর (election commission visit bengal)। সূত্রের খবর, আগামী ৯ মার্চ দু’দিনের জন্য রাজ্যে আসতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ EC full bench West Bengal visit)। যে দলে থাকবেন ইলেকশন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং আর এক আধিকারিক বিবেক জোশী। যদিও এখনও পর্যন্ত এই সফর দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সিইও দফতর।
ভোটের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্যে আসা মানে পরের দুই থেকে তিন দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট (bengal poll schedule) ঘোষণা হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সফরের সময়ে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধিরা। সেখানে থাকবেন সিইও দফতরের আধিকারিকরা, প্রতিটি জেলার ডিইও, পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা, ডিজি, সিপি ও পুলিশ সুপাররা, পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিরাও।
শুধু প্রশাসনিক স্তরেই নয়, পৃথকভাবে বৈঠক হবে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গেও। এই বৈঠক ঘিরে উত্তাপ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়া নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে বিরোধী ভারতীয় জনতা পার্টি 'ফর্ম ৭' সংক্রান্ত অভিযোগ ও নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে রাজ্যের সিইও দফতর এখনও পরিষ্কারভাবে জানাচ্ছে, দিল্লি থেকে এই সফর সম্পর্কে কোনও চূড়ান্ত বার্তা আসেনি। যদিও তারা প্রস্তুতি সেরে রাখছে।
এদিকে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বৈঠক (ভার্চুয়াল) সেরেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর এই বৈঠকে রাজ্যের ভোটপর্বে কেন্দ্রীয় বাহিনির ব্যবহার নিয়ে বেশ কড়া নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ ভারতী। প্রসঙ্গত, আগামী ৫ মার্চ নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।