
শেষ আপডেট: 23 December 2023 16:39
দ্য ওয়াল ব্যুরো: রিলস বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন ছাত্রের। কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ সেতুর ওই ঘটনার পর নড়েচড়ে বসল রেল। রেলট্র্যাকের উপর ওঠা নিষিদ্ধ ঘোষণা করা হল।
শুক্রবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই ট্র্যাকের উপর ওঠাকে বেআইনি ঘোষণা করে সতর্কতা জারি করেছে রেল। বলা হয়েছে, লাইনে উঠলে অপরাধীকে রেল আইনের ১৪৭ ধারায় গ্রেফতার করা হবে। পাশাপাশি সেলফি তুললে এবং যাত্রীদের বিরক্ত করলেও রেলের আইনে ১৫৪ ধারায় গ্রেফতার করা হবে।
রেল জানিয়েছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই ধরণের অপরাধের ৭৭৩০টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ৯৬৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে । রেল সূত্রের খবর, বৃহস্পতিবার এই ধরনের অপরাধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়েই আরপিএফ হাওড়া স্টেশন থেকে ২৩০ জনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে বেশিরভাগই এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লাইন পারাপার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।
শুক্রবার ভোর থেকেও বিভিন্ন স্টেশনে জোরদার ধরপাকড় শুরু হয়েছে। যদিও এই ধরপাকড়কে অনেকেই সমালোচনা করেছেন। আসলে অপরাধীদের ধরতে গিয়ে যাতে সাধারণ যাত্রীরা সমস্যায় না পড়েন সেই কথাই জানিয়েছেন রেলকর্তাদের একাংশ। একইসঙ্গে আরপিএফ যাতে এই ধরপাকড়কে আয় বাড়ানোর জন্য বাণিজ্যিকভাবে ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন তাঁরা।