দিনে তাপমাত্রা বাড়লেও ভোরবেলার কনকনে ঠান্ডা এখনও কাটেনি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কী জানাচ্ছে, শীত কি মার্চ পর্যন্ত গড়াতে পারে?

রাজ্যে শীত (ফাইল ছবি)
শেষ আপডেট: 11 February 2026 10:14
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে। ক্যালেন্ডার বলছে বসন্ত আসতে আর বেশি দেরি নেই। কিন্তু বাইরে পা দিলেই যে অনুভূতি— একেবারে উল্টো! ভোররাত থেকে সকাল পর্যন্ত গোটা রাজ্যজুড়ে হাড়-কাঁপানো ঠান্ডা। কলকাতা হোক বা জেলা, শীতের কামড় এখনও বেশ টের পাচ্ছে রাজ্যবাসী। আবহাওয়াবিদরা বলছেন, বিদায়বেলায় যেন আরও একবার নিজের দাপট দেখিয়ে গেল শীত। তবে এই আমেজ আর কতদিন? সেই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ ধীরে ধীরে শীতের সেই জমাট ভাব মিলিয়ে যাবে। সকাল-সন্ধের ঠান্ডা বজায় থাকলেও দিনের বেলা পারদ একটু একটু করে চড়তে শুরু করবে।
উত্তরবঙ্গে এখনও জমাট শীত
তবে উত্তরবঙ্গের ছবি আলাদা। দক্ষিণের তুলনায় সেখানে ঠান্ডার দাপট আরও কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং (Darjeeling), কালিম্পংয়ে (Kalimpong)— এখনও কনকনে ঠান্ডা। জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহারেও (Cooch Behar) শীতের মেজাজ বেশ ভালই আছে।
রাজ্যের কোনও জায়গায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, ফলে রাতের দিকে শীতের অনুভূতিও বাড়বে।
বসন্তের আগেই কি উষ্ণতা ফিরে আসবে?
আলিপুর আবহাওয়া দফতরের মতে, শীত এবার ব্যাগ গোছাতে শুরু করেছে। পূর্বাভাস বলছে, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) থেকেই তাপমাত্রার পারদ চড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতার বৃদ্ধি উত্তরবঙ্গের তুলনায় বেশি হবে বলে মনে করা হচ্ছে।
উৎসবের মরসুমে তাই শীতের কামড় অনেকটাই কমে যাবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের।
অর্থাৎ এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না ঠিকই, তবে তার জোরাল দাপটও আর খুব বেশি দিন থাকবে না। ভোরবেলার কাঁপুনি কয়েক দিনের মধ্যেই চলে যাবে।