
শেষ আপডেট: 2 October 2022 15:05
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠীর রাতে ঝমঝমিয়ে বৃষ্টি মাটি করে দিয়েছিল ঠাকুর দেখা (Durga Pujo 2022)! তবে রাত বাড়তে, বৃষ্টির তেজ কমতেই ফের মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল, সপ্তমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে এদিন বাংলার একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতায় (Kolkata) তেমনভাবে কোনও প্রভাব পড়েনি। ফলে দুপুর গড়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর সন্ধ্যে নামতেই ঘণ্টায় ঘণ্টায় ভিড় বেড়েই চলেছে।
কিন্তু পথে এই ভিড় স্তব্ধ করে দিয়েছে কলকাতাকে। ভাল করে বলা চলে কলকাতার ট্রাফিক থমকে গেছে। উত্তর-মধ্য-দক্ষিণ সর্বত্রই একই চিত্র। গাড়ি চলছে বটে, কিন্তু যানজটের কারণে বারবারই থমকে যাচ্ছে।
খিদিরপুর থেকে টালিগঞ্জ, আবার বাগবাজার থেকে শিয়ালদহ রাস্তায় ভিড় নেই এমন চিত্র বিরল। আর মানুষের এই ভিড়ের জেরে আটকে পড়ছে বাস-গাড়ি। যোধপুর পার্ক থেকে গোলপার্ক কিংবা গড়িয়াহাট হোক বা রাসবিহারী প্রবল যানজটের চেহারা নিয়েছে। শুধু বড় রাস্তায় নয়, অলিগলিতে গাড়ির মেলা।
দক্ষিণের মতো উত্তরে যানজটের চিত্র সামনে আসছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর থেকেই যানজট বেড়েছে বিটি রোড, শ্যাম বাজার, হাতিবাগান, কলেজ স্ট্রিট, এমজি রোডে। শিয়ালদহ থেকে শ্যামবাজার যাওয়ার রাস্তা যেন স্তব্ধ। মৌলালিতেও জ্যাম রয়েছে।
এদিকে সপ্তমীর বিকেলে ঠাকুর দেখতে বেরনো মানুষদের জন্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকে আকাশের মুখভার থাকলেও তেমন বৃষ্টি হয়নি (Weather Update)। তবে আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস।
যদিও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু মারাত্মক চেহারা নেবে না। বাধা হয়ে দাঁড়াবে না প্যান্ডেল হপিংয়ে। বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে তা। তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
তবে যাই হোক, ঠাকুর দেখতে বেরনোর আগে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সকাল থেকে মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাতে কম বেশি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের জেরে মালদহ, দুই দিনাজপুরে অষ্টমী থেকেই বাড়বে বৃষ্টি।
তোতলা, মোটা বলে ইয়ার্কি, বাধা দেওয়ায় ছাত্রকে ছুরি মেরে খুন করল সহপাঠীরা!