শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ল উত্তরপাড়ায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 July 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ল উত্তরপাড়ায়। এই ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। কর্তব্যরত অবস্থায় মদ খেয়ে এমন কাণ্ড করায় দুজনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের শববাহী গাড়ি বুধবার রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে। সময় পেরিয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি। সামাজিক মাধ্যমে সেই শববাহী গাড়ির ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়,গাড়ির চালক তাঁর সিটে হয়ে পড়ে রয়েছেন। গাড়ির চাবি, পুরসভার আইকার্ড গাড়ির সিটে উপর পড়ে। হেল্পার যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন।দুজনেই বেহুঁশ। ডাকলেও সাড়া মেলেনি।
এই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধীরা।বাম বিজেপি এক যোগে পুরসভার এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। চারিদিকে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তারপরও হুঁশ নেই বলে দাবি করেছেন তাঁরা।
বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, "এখন তো রাজ্য সরকার মদেই চলছে।আর উত্তরপাড়ার বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছে।এই তো চলছে।" সিপিএম নেতা আভাস গোস্বামীও ঘটনার নিন্দা করেছেন।
মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ বলেন,"আমরা বিষয়টা জানতে পেরেছি। আমাদের কাছে খুবই বেদনাদায়ক। কখনই আশা করিনি। কালকে একজন মারা গিয়েছিলেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল। গাড়িটাকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পড়ে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে।আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি দুজনকেই বসিয়ে দেওয়া হয়েছে। ওরা আজ থেকেই কাজে যোগ দিচ্ছে না।"