রংয়ের উৎসবের আগে আবহাওয়া দফতরের খবরে স্বস্তি দক্ষিণবঙ্গে। দোল ও হোলির দিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

শেষ আপডেট: 2 March 2026 17:28
দ্য ওয়াল ব্যুরো: রংয়ের উৎসবের আগে আবহাওয়া দফতরের খবরে স্বস্তি দক্ষিণবঙ্গে (West Bengal dolyatra wethaer forecast)। দোল ও হোলির দিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং-এ হালকা বৃষ্টি হতে পারে, এমন সতর্কতা রয়েছে (West Bengal weather update)।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রবিবার নাগাদ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের ঝলক।
এরই মধ্যে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কোথাও কোথাও সামান্য বেশি হতে পারে। আগামী দু’দিন হালকা উষ্ণতার অনুভূতি থাকলেও তীব্র গরমের কোনও ইঙ্গিত নেই।
অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন। পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও সামান্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের উত্তরাংশেও বৃষ্টির আভাস মিলছে। সঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়।
দু’দিন পর থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পারদ স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলেই পূর্বাভাস।