মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজে আইন মানেন না। তিনি কেন্দ্রের কথাও শোনেন না। তার ছত্রছায়ায় মনোজিৎ মিশ্রের মতন ধৃতরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। মনোজিৎ মিশ্রের মতন ছাত্ররা দিনের বেলায় পড়াশুনা করলেও রাতে ধর্ষণ করে বেড়াচ্ছে।

Dr. Indranil Khan
শেষ আপডেট: 17 July 2025 18:15
২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। বঙ্গ রাজনীতিতে ২১ জুলাইয়ের তাৎপর্যতা অনেকটাই বেশি। বিশেষ করে শাসক শিবিরের জন্য। তবে এবারের ২১ জুলাই একটু অন্যরকম হতে চলেছে তার কারণ একদিকে শাসক শিবিরের ২১ জুলাই 'ধর্মতলা চলো' অপরদিকে একই দিনে উত্তরবঙ্গের উত্তর কন্যা অভিযানের সূচনা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে।
উত্তরকন্যা সফরের এখনও দিন কয়েক বাকি থাকলেও এই সফরের দামামা বাজিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ। বিতর্কিত কসবা ল কলেজের দেওয়াল জুড়ে নারী সুরক্ষার অঙ্গীকার লিপিবদ্ধ করেছেন আজ। এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে বার্তা দিয়েছেন, রাজ্যে ক্রমাগত নারী নিরাপত্তার যে অভাব তৈরি হচ্ছে সেই অভাব পূরণ করবে বিজেপি। কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি এদিন মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজে আইন মানেন না। তিনি কেন্দ্রের কথাও শোনেন না। তার ছত্রছায়ায় মনোজিৎ মিশ্রের মতন ধৃতরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। মনোজিৎ মিশ্রের মতন ছাত্ররা দিনের বেলায় পড়াশুনা করলেও রাতে ধর্ষণ করে বেড়াচ্ছে।
আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজ - বারে বারে যেভাবে রাজ্যে নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। উত্তরকন্যা সফরের আগে কসবা ল কলেজ সংলগ্ন দেওয়ালকেই কেন বার্তা দেওয়ার জন্য বেছে নেওয়া হলো জিজ্ঞাসা করলে তিনি জানান - কসবা ল কলেজের ঘটনা যেভাবে গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিরাপদ নয় - তাই এই ঘটনাকে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এখান থেকেই দেওয়াল লিখন শুরু।
আজকে মূলত কসবা ল কলেজের পাশ্ববর্তী দেওয়ালেই শুরু হয় দেওয়াল লিখন। তবে কলেজের সামনে কোনও জমায়েত করতে দেয়নি কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। কলেজের সামনে ১৪৪ ধারা জারি থাকার কারণে কোন প্রকার জমায়েত করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে বালিগঞ্জ মন্ডল ২ এর যুব মোর্চার সভাপতি ওঙ্কার ঘোষ।