
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 October 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। সিগন্যালিং-সহ নানাবিধ কারণে অধিকাংশ লোকাল ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছয় না বলে অভিযোগ রেল যাত্রীদের।
এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে রটে গিয়েছিল যে শিয়ালদহ ডিভিশনে নাকি লোকাল ট্রেনের স্টপেজের সময় কমিয়ে মাত্র ৩০ সেকেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে। কারণ, সামান্য ওই সময়ের মধ্যে যাত্রীদের ওঠা-নামায় বিস্তর সমস্যা হওয়াটাই স্বাভাবিক।
এ ব্যাপারে শুক্রবার শিয়ালদহ ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, লোকাল ট্রেনের স্টেশনে স্টপেজ এর সময় যেটা ছিল সেটাই থাকছে। এই সংক্রান্ত বিভ্রান্তিকর যে খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছে, তা পুরোপুরি গুজব।
যাত্রীদের উদ্দেশে রেলের তরফে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না।
বিজ্ঞপ্তিতে রেল আরও জানিয়েছে, লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে এবং যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাই গুজবে কান দিয়ে তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা এবং নামা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
যদিও যাত্রীদের বক্তব্য, এবার নির্ধারিত সময়ে ট্রেন যাতে গন্তব্যে পৌঁছয় তা নিশ্চিত করুক প্রশাসন।