আগামী সপ্তাহে সেখানে শুনানি হতে পারে। তাই আপাতত কোনও নির্দেশ দিচ্ছে না ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হতে পারে ২ সেপ্টেম্বর।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 21 August 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result Date) ফলাফল প্রকাশে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) একক বেঞ্চের নির্দেশের উপরে আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ বৃহস্পতিবার জানায়, একক বেঞ্চ ইতিমধ্যেই ফল প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে। একইসঙ্গে বিষয়টি সুপ্রিম কোর্টেও বিচারাধীন। আগামী সপ্তাহে সেখানে শুনানি হতে পারে। তাই আপাতত কোনও নির্দেশ দিচ্ছে না ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হতে পারে ২ সেপ্টেম্বর।
প্রথমে জয়েন্টের ফল প্রকাশের তারিখ ধার্য ছিল ৭ অগস্ট। কিন্তু ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতায় সেই প্রক্রিয়া আটকে যায়। বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ মেধাতালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১০ সালের আগে চিহ্নিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করতে হবে এবং ১৫ দিনের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে হবে। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল— ওবিসি ছাত্রছাত্রীদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বলবৎ থাকবে, এবং নতুন তালিকা মেনে কোনও মেধাতালিকা প্রকাশ করা যাবে না। ২০১০ সালের আগের তালিকা অনুযায়ীই নতুন মেধাতালিকা প্রস্তুত করতে হবে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার।
এদিকে জয়েন্টের ফল প্রকাশের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলাও এদিন ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু একক বেঞ্চের নির্দেশ বহাল থাকায় তাতে কোনও রদবদল আনেনি ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী অবশ্য আদালতে জানান, তাঁরা শুক্রবারই সুপ্রিম কোর্টে জয়েন্টের ফল সংক্রান্ত বিষয়টি উত্থাপন করবেন। তাঁদের আশা, আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে।