বিভিন্ন সময় দিলীপ ঘোষ মনে করিয়েছেন, যে তাঁর আমলেই বাংলায় বিজেপির সাংগঠনিক বৃদ্ধির কথা।

দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য।
শেষ আপডেট: 8 July 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁকে সংবর্ধনা জানাতে দলের তরফে আয়োজিত অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুপস্থিতি।
এমনকী সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন ঘোষবাবু। এমন আবহে মঙ্গলবার বিকেল ৪টেয় দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্বভাবতই, দিলীপ-শমীকের এই বৈঠক ঘিরে বাড়তি কৌতূহল রাজনৈতিক মহলে।
এ ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দিলীপ সরাসরি কোনও জবাব দেননি। বরং দলের কোন্দল ঠেকাতে পরোক্ষে নব রাজ্য সভাপতির উদ্দেশে বলেছেন, "সংসার বড় হলে সমস্যা হয়। সেটা মাথায় রেখেই আদি-নব্যদের নিয়ে চলতে হবে। বসে সমাধান করতে হবে। কারণ, বাংলার মানুষ পরিবর্তন চাইছে।"
সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ এও বলেন, "শমীকবাবু রাজ্য সভাপতি পদে বসার সময়, আমি বাইরে ছিলাম। দেখা করতে পারিনি। সেই কারণেই ওনার সঙ্গে দেখা করতে আজ বিকাল কার্যালয়ে যাচ্ছি।"
সভাপতি হিসেবে দলের দায়িত্বভার গ্রহণের দিনই শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছিলেন, যে দলের আদি এবং নব্য দুই পক্ষকে নিয়েই তিনি চলবেন। বলেছিলেন, "যখন সংগঠন তৈরি হয়নি, মানুষ জানতেন জমানত বাজেয়াপ্ত হবে, তা সত্ত্বেও বিজেপির পতাকাটা ধরেছিলেন। তাদের সেই সম্মান প্রাপ্য, এটা যেন আমরা না ভুলে যায়।"
বিভিন্ন সময় দিলীপ ঘোষও মনে করিয়েছেন, যে তাঁর আমলেই বাংলায় বিজেপির সাংগঠনিক বৃদ্ধির কথা। পর্যবেক্ষকদের অনেকের মতে, সে কারণেই পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা আরও স্পষ্ট করতে দিলীপের সঙ্গে শমীক বৈঠকে বসতে চলেছেন বলে মনে করা হচ্ছে। এখন দেখার নব সভাপতির সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ে কিনা।
প্রসঙ্গত, সামনে তৃণমূলের ২১ জুলাই। রাজনৈতিক মহলে দিলীপের ঘর বদলের জল্পনা জারি রয়েছে। যদিও সোমবারই সেই জল্পনায় জল ঢেলে দিলীপ বলেছেন, '২১ তারিখের পর আর প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব।’