খড়্গপুরে নিজের রাজনৈতিক ভূমিকা নিয়েও আত্মবিশ্বাসী শোনাল তাঁকে। তাঁর দাবি, এলাকার গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে আগেও লড়েছেন, ভবিষ্যতেও লড়বেন। তবে এবার আর সরাসরি লড়াই নয় - ক্ষমতায় এলে প্রশাসনিক পদক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 26 March 2026 17:51
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে সদরে নির্বাচনী প্রচারে (West Bengal Assembly Election 2026) বেরিয়ে ফের আক্রমণাত্মক সুরে রাজ্য পুলিশকে নিশানা করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দাবি করলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পুলিশের কাজের ধরন বদলে যাবে - উত্তরপ্রদেশের আদলে ‘কঠোর’ পদক্ষেপ (UP Style Encounter) দেখা যাবে।
বৃহস্পতিবার খড়্গপুরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ৪ মে-র পর রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। তাঁর অভিযোগ, বর্তমানে পুলিশ (West Bengal Police) শাসক দলের প্রভাবে কাজ করছে এবং অপরাধীদের সঙ্গে যোগসাজশ রেখে বিরোধীদের চাপে রাখছে। দিলীপের কথায়, “যে পুলিশ এখন গুন্ডা-মাফিয়াদের সঙ্গে ওঠাবসা করছে, চোর নেতাদের পাশে দাঁড়াচ্ছে, তারাই তখন কঠোর ব্যবস্থা নেবে। অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টার হবে, জেলে ভরা হবে।”
খড়্গপুরে নিজের রাজনৈতিক ভূমিকা নিয়েও আত্মবিশ্বাসী শোনাল তাঁকে। তাঁর দাবি, এলাকার গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে আগেও লড়েছেন, ভবিষ্যতেও লড়বেন। তবে এবার আর সরাসরি লড়াই নয় - ক্ষমতায় এলে প্রশাসনিক পদক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিন তিনি আরও অভিযোগ করেন, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি গুলি চালানোর হুমকিও দেওয়া হচ্ছে। নিজের রাজনৈতিক স্টাইল প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই ‘চমকে চমকে’ রাজনীতি করেছেন তিনি। তাঁর কথায়, “যারা ভয় পায়, তাদের ভয় দেখাতেই হয়। অন্যায় করলে চুপ করে থাকব কেন?” এই প্রেক্ষিতেই তীব্র ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন দিলীপ, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
প্রসঙ্গত, খড়্গপুর কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হন তিনি। যদিও ২০২১ সালে তাঁকে প্রার্থী করা হয়নি। পরে নানা বিতর্কের জেরে এবার ফের পুরনো কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে তাঁকে।
প্রচারে নেমে তিনি অতীতের প্রসঙ্গও তুলে ধরেন। দাবি করেন, আগেরবার মানুষ তাঁকে সুযোগ দিয়েছিল বলেই এলাকায় দুষ্কৃতী দমন সম্ভব হয়েছিল। এবারও সেই একইভাবে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, খড়গপুরে আইনশৃঙ্খলা নিয়ে কোনও আপস করতে রাজি নন তিনি।
সব মিলিয়ে ভোটের মুখে পুলিশের ভূমিকা নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।