অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 15 July 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সভায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতি নিয়ে এখন থেকেই চর্চা চলছে। এরই মধ্যে কৌতূহল, মোদীর সঙ্গে একই মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা। অবশ্য এই বিষয়টি নিয়ে একেবারেই ভাবিত নন খোদ দিলীপ। বরং তাঁর কথায়, দলের একজন সাধারণ কর্মী হিসেবেই তিনি অনুষ্ঠানে যাবেন, কর্মীদের মধ্যেই থাকবেন।
অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। দিলীপ নিজেও প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন, “দলীয় বৈঠকে একটা চেয়ারও জোটে না।” সেই মন্তব্য ঘিরে কম জলঘোলা হয়নি। পরবর্তী সময়ে এমনও খবর ছড়িয়েছিল যে তিনি তৃণমূলে যেতে পারেন! কিন্তু সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপকে আবার আগের মেজাজেই দেখা যাচ্ছে।
মঙ্গলবার মোদীর সভা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমে বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, ''দিলীপ ঘোষ রাস্তায় আছে, কর্মীদের মাঝে আছে। যা কাজ দল দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করব। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে, আমি তৈরি। ম্যায় হুঁ না...।'' এই প্রসঙ্গেই তিনি স্পষ্ট করে দেন, দলীয় কর্মী হিসেবেই তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন। কোনও পদাধিকারী হিসেবে নয়। তাই মঞ্চে থাকা বা না থাকা, তাঁর কাছে কোনও গুরুত্ব পাচ্ছে না।
সভাপতি হিসেবে দলের দায়িত্বভার গ্রহণের দিনই শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছিলেন, যে দলের আদি এবং নব্য দুই পক্ষকে নিয়েই তিনি চলবেন। ১৫ দিনের মধ্যে বিজেপির বদল ঘটাবেন! তবে সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। তবে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরই 'ফর্মে' ফিরে এসেছেন দিলীপ।
প্রসঙ্গত, দলীয় সূত্রের খবর, দিলীপ ঘোষ অবশ্যই দুর্গাপুরের জনসভায় উপস্থিত থাকবেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গে দলের সংগঠন চাঙ্গা করতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে দিলীপ ঘোষেরই অগ্রণী ভূমিকা থাকবে।