তাৎপর্যপূর্ণভাবে এহেন বিতর্কের মধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। তাঁর উপস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে ওঠা প্রশ্নের জেরে সংশ্লিষ্ট দ্বৈতাপতিকে আগেই শো-কজ করেছিল পুরীর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)।

পুরীর সেই দ্বৈতাপতির বিরুদ্ধে পদক্ষেপ।
শেষ আপডেট: 12 May 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার মন্দিরের নাম 'জগন্নাথ ধাম' রাখা নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের নামের সঙ্গে ধাম শব্দটি রয়েছে তাই দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দ বাদ দেওয়ার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
তাৎপর্যপূর্ণভাবে এহেন বিতর্কের মধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। তাঁর উপস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে ওঠা প্রশ্নের জেরে সংশ্লিষ্ট দ্বৈতাপতিকে আগেই শো-কজ করেছিল পুরীর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)। সূত্রের খবর, এবার ওই দ্বৈতাপতিকে ৩০ দিনের জন্য সাসপেন্ডও করেছে এসজেটিএ।
সোশ্যাল মাধ্যমে এ খবর সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরীর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এর পদক্ষেপকে স্বাগত জানিয়ে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, "পুরীর মন্দিরের নিয়ম সম্পর্কে অবহিত থাকার পরও দিঘার মন্দিরে উপস্থিত হয়ে রামকৃষ্ণ দাস মহাপাত্র লক্ষ লক্ষ পুণ্যার্থীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিলেন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে পুরীর মন্দির কঠোর বার্তা সামনে আনল।”
সূত্রের খবর, একই নাম (ধাম) থাকা সত্ত্বেও তিনি কীভাবে দিঘার উদ্বোধনে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ দাস মহাপাত্রর কাছে তার কৈফিয়ত চেয়েছি এসজেটিএ। সূত্রের খবর, যথাযথ উত্তর দিতে পারেননি পুরীর ওই দ্বৈতাপতি। এরপরই তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে শোরগোল তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট দ্বৈতাপতির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।