
ডেরেক ওব্রায়েন
শেষ আপডেট: 26 August 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: আর জি করে নৃশংস ঘটনার প্রতিবাদীদের মধ্যেই কুকথার ছড়াছড়ি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাবালিকা মেয়েকে নোংরা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব দলের নেতারা।
রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়ান এক এক্সবার্তায় বলেন, আপনাদের নোংরা কৌশল নিয়ে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন। আপনারা আগেও এটা করেছেন। কিন্তু আজ আপনারা যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছেন। বাচ্চাদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেয়েকে যে নিম্নরুচির হুমকি দেওয়া হয়েছে, সেটা নিন্দা করার কোনও ভাষা নেই। এখনই বন্ধ করুন এটা।
সরাসরি কারও মেয়ের নাম না করলেও সেই হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে রাজ্যের শিশুসুরক্ষা কমিশনও। ফিরহাদরা যে মন্তব্য করেছেন, তা একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে এক যুবককে বলতে শোনা গিয়েছে, ছোটখাট বিষয় বলছেন। কেন? উনি বলছেন যে ১০ লাখ টাকা দিলেই মিটে যাবে। ১০ লাখ টাকা দিলে? এরপর ওই যুবক তৃণমূল নেতার মেয়ের কথা উল্লেখ করে বলে, তাকে ধর্ষণ করবে। আমরা জনগণ মিলে টাকা দিয়ে দেব।
Fight us politically with your filthy tricks. You have done it before. But today you have crossed the line. Stop threatening kids. No words enough to condemn the gutter level threats to our National General Secretary’s daughter. STOP THIS NOW.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 26, 2024
এনিয়ে ফিরহাদ বলেন, সম্প্রতি একটি ভিডিও দেখলাম, যেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকরা প্রকাশ্যে এক কন্যাসন্তানের সম্ভ্রমহানির হুমকি দিচ্ছেন। যে আমার নিজের নাতনির থেকে কম কিছু নয়। যদি এটাই তথাকথিত প্রতিবাদীদের মানসিকতা হয়, তাহলে আমাদের সমাজ কোনদিকে যাচ্ছে?
আর জি কর কাণ্ডের পর দেশজুড়ে নারী নির্যাতন নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। যৌন হেনস্তা, খুনের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি আরও কঠোর যাতে হয়, তার জন্য নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনাও চলছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদীকে। রাজ্যসভার আরেক তৃণমূল সদস্য সাকেত গোখেলও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ দেগেছেন বিজেপিকে। এনিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে শিশু সুরক্ষা কমিশন।