
শেষ আপডেট: 27 February 2023 06:23
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হাইকোর্ট (Delhi High Court) আজ সেনায় নিয়োগের অগ্নিপথ প্রকল্পের (Agnipath) বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা খারিজ (dismissed the case) করে দিল। হাইকোর্টের বক্তব্য, সেনা ও দেশের যুব সমাজের স্বার্থে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আপত্তির কিছু নেই।
কেন্দ্রীয় সরকার গত বছর অগ্নিপথ স্কিম চালুর পর দেশ জুড়ে আপত্তি উঠেছিল। আদালতে একাধিক মামলা হয়। দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থের মামলা। তারমধ্যে কয়েকটি মামলায় আবেদনকারীরা হলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা।
মামলা হয়েছিল সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালত সেই মামলা দিল্লি হাইকোর্টে পাঠিয়ে দেয়। এছাড়া দেশের অন্য হাইকোর্টগুলিতে দায়ের হওয়া মামলাও দিল্লি হাইকোর্টকে বিচার করতে বলে সুপ্রিম কোর্ট। দীর্ঘ শুনানির পর গত ১৫ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছিল।
মামলাকারীদের মূল বক্তব্য, জওয়ানদের চার বছরের চুক্তিতে নিয়োগ করা হলে সেনার সক্ষমতা হ্রাস পাবে। একইভাবে বিপাকে পড়বেন অবসরপ্রাপ্ত অগ্নিবীরেরা। এই প্রকল্পে নিয়োগ হওয়া জওয়ানদের অগ্নিবীর বলা হয়ে থাকে।
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের মতে, সেনা বাহিনীতে নিয়োগের বিষয়ে মামলাকারীরা প্রশ্ন তুলতে পারেন না। সেনাই ভাল জানে নিয়োগের ভালমন্দ। আদালতেরও হস্তক্ষেপ করার সুযোগ নেই।
ভোট পরবর্তী হিংসা আটকাতে ত্রিপুরায় প্রতি বুথে শান্তি বৈঠকের নির্দেশ কমিশনের