
শেষ আপডেট: 16 July 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহব্যাপী লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। রাজধানী দিল্লির ৬টি জেলাও চলে গেছে জলের তলায় (Delhi Flood)। যমুনার জল উঠে এসেছে রাস্তায়, ভাসিয়ে দিয়েছে লালকেল্লার সামনের রাস্তা, সুপ্রিম কোর্ট চত্বর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃষ্টি একটু কমতেই রবিবার যমুনার জলস্তর সামান্য নেমেছে। যদিও এখনও তা বিপদসীমার উপরেই রয়েছে।
ইতিমধ্যেই একাধিক জায়গায় ত্রাণ শিবির খুলেছে আপ সরকার। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৫ হাজার মানুষকে। আজ রবিবার মোরি গেট এলাকায় ত্রাণ শিবির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল (Arvind Kejriwal)। তিনি জানিয়েছেন, অনেক জায়গা থেকেই জল নেমে গেছে। আশা করা হচ্ছে বাকি জায়গা থেকেও খুব শিগগিরই জল নেমে যাবে।
সূত্রের খবর, যমুনার জলের উচ্চতা রবিবার সকাল ১১টা পর্যন্ত ছিল ২০৫.৯ মিটার, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কম। রাত ৯টায় তা আরও খানিকটা কমে পৌঁছে যেতে পারে ২০৫.৪৭ মিটারে।
কেজরিবাল জানিয়েছেন, জলমগ্ন এলাকার বাসিন্দাদের জন্য জায়গায় জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। অনেকেই আধার কার্ড সহ একাধিক জরুরী তথ্য হারিয়ে ফেলেছেন। এই সমস্ত মানুষদের জন্য পরে একটি আলাদা ক্যাম্প খোলা হবে। যেসব শিশুদের বই এবং স্কুলের পোশাক ভেসে গেছে, তাদের তা সরবরাহ করবে সরকার। এছাড়া সে সব মানুষ বন্যায় সর্বস্ব খুইয়েছেন, তাঁদের অতিরিক্ত কিছু ত্রাণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার লালকেল্লা সংলগ্ন কাশ্মীরি গেট এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির মেয়র শেলী ওবেরয়। তিনি জানিয়েছেন, যাঁরা বন্যার কারণে আধার কার্ড সহ-সচিত্র পরিচয় পত্র হারিয়ে ফেলেছেন তাদের খুব শিগগিরই সেসব নতুন করে বানিয়ে দেওয়া হবে।
তবে কিছু জায়গায় পরিস্থিতির নতুন করে খারাপ হয়েছে। পুরনো দিল্লির যমুনা বাজার এলাকায় যেসব ত্রাণ শিবির খোলা হয়েছিল, সেগুলি জলের তলায় চলে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত এই এলাকা একেবারেই শুকনো ছিল। ফলে নিচু এলাকায় বাস ছিল যাঁদের, তাঁদের সরিয়ে আনা হয়েছিল এখানে। কিন্তু সেখানেও যমুনার জল ঢুকে আসায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। খাবার এবং পানীয় জলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।
তবে দিল্লির বন্যা নিয়ে আপ সরকার এবং কেন্দ্রের মোদী সরকারের মধ্যে দোষারোপের খেলা শুরু হয়ে গেছে। হরিয়ানা এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিবাল। তাঁর কথা অনুযায়ী, ‘দিল্লির বন্যার জন্য বিজেপিই দায়ী। অন্য রাজ্য থেকে বাঁধের জল ছাড়ার ফলেই দিল্লিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি’। অন্যদিকে বিজেপির দাবি, আপ নাকি সর্বত্রই ষড়যন্ত্রের ভূত দেখে। 'মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁর শিসমহলের এসি ঘরে বসে মনে করেন, শুধু তিনিই ঠিক কাজ করছেন, বাকিরা ষড়যন্ত্রে লিপ্ত,' পাল্টা তোপ বিজেপির।
হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ-এর মতে, পাঞ্জাব বা হিমাচলপ্রদেশ থেকেও জল ঢুকছে হরিয়ানায়। ফলে, ইচ্ছাকৃত বাঁধের জল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।’
ব্যাঙডুবি সেনা ক্যান্টনমেন্টে হাতির হানা! খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে ছাউনিতে ঢুকল দাঁতাল