
শেষ আপডেট: 16 October 2022 08:48
দ্য ওয়াল ব্যুরো: মদ নীতি (Delhi Excise Policy) নিয়ে তদন্তে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) আগামীকাল তলব করল সিবিআই (CBI)। মণীশ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, ‘স্রেফ হেনস্থা করতেই এই তলব। আমার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েছে। ব্যাঙ্কের লকার খুলে দেখেছে। কোথাও কিছু পায়নি। তবু আগামীকাল সকাল ১১টা নাগাদ যেতে বলেছে। যাব। তদন্তে সব ধরনের সহযোগিতা করব।'
মদনীতি নিয়ে মূল অভিযোগ হল, ওই নীতির মাধ্যমে ব্যবসায়ীদের আর্থিক সুবিধা পাইয়ে দিয়ে ঘুষ নিয়েছেন আপের নেতা-মন্ত্রীরা। মূল মামলাটি সিবিআইয়ের। কিন্তু বেআইনি আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসায় ইডিও সমান্তরাল তদন্ত শুরু করেছে। গত পরশু তারা দিল্লির ২৫টি দোকানে অভিযান চালায়। আগেই মদের একজন ডিলার এবং উৎপাদনকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইডি (ED)।
এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে ব্রিটিশের বিরুদ্ধে ভগৎ সিংয়ের সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন। মণীশ বলেছেন, কেজরিওয়াল আজকের ভগৎ সিং। অন্যদিকে, কেজরিওয়াল বলেছেন, স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশ একজন ভগৎ সিং’কে পেয়েছে যিনি শিক্ষার বিস্তারে অভাবনীয় লড়াই চালিয়ে যাচ্ছেন। দু’জনেই বলেছেন, ভগৎ সিংয়ের ব্রিটিশ বিরোধী সংগ্রামের মতো তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
মেক্সিকোর বারে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের! হামলায় মৃত অন্তত ১২