তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে গত বৃহস্পতিবার তাঁর কাছে কৈফিয়ত চেয়ে পাঠানো চিঠির উত্তর তিনি রবিবারই পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 June 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ চিঠির জবাব দিলেন ডেবরার (Debra) তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)। তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে গত বৃহস্পতিবার তাঁর কাছে কৈফিয়ত চেয়ে পাঠানো চিঠির উত্তর তিনি রবিবারই পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
যদিও ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছুই খোলসা করেননি প্রাক্তন পুলিশকর্তা। কী লিখেছেন, বা নিজের অবস্থান সম্পর্কে কী ব্যাখ্যা দিয়েছেন তাও তিমিরে। দলীয় সূত্রে খবর, হুমায়ুনের পাঠানো চিঠিতে কোথাও তিনি নিজের ভুল স্বীকার করেননি বা দুঃখপ্রকাশও করেননি। ফলে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
নদিয়ার কালীগঞ্জে (Kaliganj) বোমার আঘাতে ১০ বছরের নাবালিকা তামান্না খাতুনের (Tamanna Khatun) মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিতর্কে জড়ান পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। দলকে না জানিয়ে আগবাড়িয়ে দেখা করতে যাওয়ায় তাঁকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হয় দলের তরফে।
গত বুধবার তামান্নার বাড়িতে গিয়েছিলেন হুমায়ুন। সেখানে মৃত কিশোরীর মাকে আর্থিক সহায়তা দিতে চাইলে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেন মা সাবিনা বিবি। চিৎকার করে তিনি জানান, ‘‘আমাদের টাকার প্রয়োজন নেই, আমি আমার মেয়ের ন্যায়বিচার চাই।’’
জলঘোলা শুরু হতেই হুমায়ুন জানান, তিনি কোনও রাজনৈতিক পরিচয় নয়, বরং এক অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সংগঠনের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন তামান্নার বাড়িতে। অর্থসাহায্য সেই সংগঠনের তরফ থেকেই করা হচ্ছিল বলে তাঁর দাবি।