কালীগঞ্জে বোমার আঘাতে মৃত তামান্নার বাড়িতে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর সঙ্গে ছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক রাজ্য স্তরের নেতা।

কালীগঞ্জে সেলিমরা
শেষ আপডেট: 28 June 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জে বোমার আঘাতে মৃত তামান্নার বাড়িতে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর সঙ্গে ছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক রাজ্য স্তরের নেতা। শনিবার নিহত তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন সেলিম। তামান্নার মা সাবিনার কাছ থেকে তিনি সরাসরি পুরো ঘটনার বিবরণ শোনেন।
প্রসঙ্গত, ২৩ জুন নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে প্রাণ যায় ১০ বছরের স্কুলছাত্রী তামান্না খাতুনের। অভিযোগ, সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। সেই আক্রমণের বলি হয় নিরীহ তামান্না।
ঘটনার ন্যায়বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বাম নেতৃত্ব। সেলিম জানিয়েছেন, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার জেরে একজন শিশুকে খুন হতে হয়েছে—এটা বাংলার মানুষের কাছে গভীর লজ্জার।
বস্তুত, কালীগঞ্জের ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখ। এখনও ১৫ জনের কোনও খোঁজ নেই। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে।
নিহত ছাত্রী তামান্না খাতুনের মা জানিয়েছেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সবাইকেই তিনি চেনেন। সে কথা পুলিশকে তিনি বলেছেন। কিন্তু তারপরেও কেন ধরা যাচ্ছে না? তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “পুলিশকে তো একশোবার বলা হয়েছে কারা ছিল ওখানে। আমি তো চিনি সবাইকে।”
এদিকে, শাসক দলের বিধায়ক তাঁর হাতে টাকা দিতে গেলে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ফিরিয়ে দিয়েছেন সেই টাকা।