দক্ষিণ কলকাতা থেকে পূর্ব বর্ধমান—একই দিনে প্রতিমা নিরঞ্জনের পথে ঘটে গেল দুটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল দু'জনের।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 October 2025 07:25
দ্য ওয়াল ব্যুরো: আনন্দের বিসর্জন ম্লান হল শোকের ছায়ায় (Death procession in Pratima Niranjan)। দক্ষিণ কলকাতা (Kolkata) থেকে পূর্ব বর্ধমান (Jamalpur)—একই দিনে প্রতিমা নিরঞ্জনের পথে ঘটে গেল দুটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল দু'জনের।
শরৎ বোস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছরের রেনুকা সরকার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা রেনুকা আদি বালক সংঘের প্রতিমা শোভাযাত্রার সঙ্গে বেরিয়েছিলেন। ঠাকুরবাহী ট্রলির উপরেই বসেছিলেন তিনি। আচমকাই ট্রলি থেকে ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিটার টেনে নিয়ে যায় গাড়ি। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো যায়নি তাঁকে। ট্রলির চালক ও খালাসি ঘটনার পরেই পলাতক।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের জামালপুরে বিসর্জনের দিনে প্রাণ হারালেন মাইক ব্যবসায়ী অচিন্ত্য পাল (৫০)। জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের সময়ে মণ্ডপ থেকে মাইক খোলার কাজ করছিলেন তিনি। সেই সময় বৈদ্যুতিক যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হন।
গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মা আতসীর মৃত্যুর তিন দিনের মাথায় ছেলের এমন পরিণতিতে শোকস্তব্ধ গ্রাম।
একদিকে রঙিন আলোর শোভাযাত্রা, ঢাকের বোল, অন্যদিকে মৃত্যু সংবাদ। দুর্গাপুজোর বিদায়ে শোকের কালো ছায়া নেমে এল বাংলার বিসর্জন মঞ্চে।