আধিকারিকদের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে অতীন স্পষ্ট জানান, তিনি সব উত্তর দিয়েছেন। নাগরিক হিসেবে তাঁর সহযোগিতা করা উচিত, তিনি তাই করেছেন।

প্রিয়দর্শিনী ও অতীন
শেষ আপডেট: 29 August 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের নজরে আর জি করের দুর্নীতি। পুজোর আগে ফের নড়েচড়ে বসল সিবিআই। শুক্রবার দুপুরে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল নেতা অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে প্রায় ঘণ্টা দুয়েক ধরে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
দুর্নীতির মামলায় দীর্ঘদিন ধরেই অতীনের নাম ঘুরছিল আলোচনায়। শুক্রবার সরাসরি তাঁর বাড়িতে গিয়ে প্রশ্ন করল সিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে অতীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,'ভারতীয় ন্যায়সংহিতার ১৭৯ ধারা অনুযায়ী আমাকে নোটিস পাঠানো হয়েছিল। আমি আর জি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলাম। সে ব্যাপারেই প্রশ্ন ছিল।'
আধিকারিকদের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে অতীন স্পষ্ট জানান, তিনি সব উত্তর দিয়েছেন। নাগরিক হিসেবে তাঁর সহযোগিতা করা উচিত, তিনি তাই করেছেন।
অতীনের মেয়ে অবশ্য বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর টুইটে ইঙ্গিত, তদন্তের নামে রাজনৈতিকভাবে 'বাবাকে' অপমান করা হচ্ছে। শাসক দলের অনেক নেতানেত্রীকেও একই সুরে বলতে শোনা যাচ্ছে।
অতীন অবশ্য বক্তব্য, তাঁর কোনও খেদ নেই। তাঁর কথায়, 'আমার রাজনৈতিক চরিত্র সকলের জানা। ১৫ বছর ধরে পুরসভায় দায়িত্ব সামলাচ্ছি। নিয়ম মেনেই সিবিআই সাক্ষ্য নিতে পারে।'
উল্লেখ্য, আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ড তদন্তে গিয়ে সিবিআই আর্থিক অনিয়মের হদিস পায়। সেই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। তদন্তের অংশ হিসেবে রোগীকল্যাণ সমিতির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।