দ্য ওয়াল ব্যুরো : গ্রামের মন্দিরে উচ্চবর্ণদের 'যথাযথ সম্মান' দেখায়নি দলিতরা। এমনকী দুই দলিত যুবক পায়ের ওপরে পা তুলে বসেছিল উচ্চবর্ণদের সামনে। সেই 'অপরাধে' রাতের বেলায় দলিতদের গ্রামে হানা দিল উচ্চবর্ণের ১৫ জন। দু'জন খুন হলো তাদের হাতে। গুরুতর আহত আরও ছজন।
দলিত গ্রামের নাম কাঞ্চনাথম। সোমবার রাত সাড়ে নটা নাগাদ সেখানে হামলা হয়। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
রাজ্যের সিপিএম নেতা কান্দস্বামী এম ওই গ্রামে গিয়েছিলেন। তিনি জানান, কিছুদিন আগে গ্রামের লোকেরা এলাকায় মারিজুয়ানা বিক্রির বিরোধিতা করেছিলেন। সেই নিয়ে পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁদের গোলমাল চলছিল। দলিতদের কয়েকজনকে পাশের গ্রামের লোকেরা হুমকিও দিয়েছিল। পুলিশে এই নিয়ে অভিযোগ করেও ফল হয়নি।
গত ২৫ মে উচ্চবর্ণের এক ব্যক্তি অভিযোগ করেন, কাঞ্চনাথম গ্রামের মন্দিরে তাঁকে সম্মান দেখানো হয়নি। পরদিন চন্দ্রকুমার নামে এক উচ্চবর্ণের ব্যক্তি অভিযোগ করেন, দুই দলিত যুবক তাঁর সামনে পায়ের ওপরে পা তুলে বসেছিল।
ওই দুজনের মধ্যে একজন নিহত হয়েছে। তার নাম সন্মুগানাথন। বয়স ছিল ২০। অপর নিহতের নাম অরুমুগম। বয়স ৬৫। আহতদের ভর্তি করা হয়েছে রাজাজি হাসপাতালে।