বেলা বারোটাতেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। ছবিটা এমন যেন এই বুঝি সন্ধ্যা নামল!

গঙ্গাসাগরে মাইকিং করছে প্রশাসন।
শেষ আপডেট: 27 May 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর হাওয়া অফিসের (Weather Update) আশঙ্কা সত্যি করে মঙ্গলের দুপুর থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় 'শক্তি' (Cyclone Shakti)। বেলা বারোটাতেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। ছবিটা এমন যেন এই বুঝি সন্ধ্যা নামল!
দিঘা (Digha), মন্দারমনি, তাজপুর, গঙ্গাসাগরের (Gangasagar) মতো এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। সঙ্গে প্রবল হাওয়ার গতিবেগ। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে সমুদ্র পার সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। ঝড়কে ঘিরে আতঙ্কে সুন্দরবনের (Sundarbans) বাসিন্দারাও।
ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে শ্রীলঙ্কা। এটি গুজরাটের কচ্ছব ও পাকিস্তানের করাচিতে ল্যান্ডফল করার কথা। অর্থাৎ সরাসরি এই রাজ্যে ঝড়ের ল্যান্ডফল না হলেও আলিপুর জানিয়েছে পরোক্ষভাবে ঝড়ের প্রভাব পড়বে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণও। বুধ ও বৃহস্পতিবার ঝড় জলের দাপট আরও বাড়বে। সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে ঘণ্টায় ৯০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সমুদ্র পার সংলগ্ন এলাকার বাসিন্দাদের যেমন নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তেমনই বাঁধ সংলগ্ন এলাকা থেকেও মানুষজনকে সরানো হচ্ছে। কারণ, সরাসরি না হলেও পরোক্ষে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। সেকারণেই বাসিন্দাদের সরানোর পাশাপাশি সমুদ্র সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফে মাইকিংও করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে. দুর্যোগের কারণে সমুদ্র ও নদী বাঁধ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে বিভিন্ন স্কুল বা ফ্লাট সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। আুপদকালীন পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। শুকনো খাবারও মজুত করে রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।