দিলওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কায় প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ ও ঘরছাড়া। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 November 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা উপকূলের উপর তীব্র আকার নিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ (Cyclone)। আবহাওয়া দফতর ( Weather Update) ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। দিতওয়াহ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩০ নভেম্বর ভোরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। আইএমডি জানিয়েছে, এই উপকূলীয় এলাকায় ৩০ নভেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিচ্ছিন্ন জায়গায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এর প্রভাবে ২৯ নভেম্বর অর্থাৎ শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় ৭০–৮০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইবে। পরিস্থিতি ৩০ নভেম্বর সকাল পর্যন্ত চলবে। সমুদ্রপাড়ে বড় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চেঙ্গালপাট্টু ও তিরুভাল্লুরের মতো জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিতওয়াহ তাণ্ডবে শ্রীলঙ্কায় প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ ও ঘরছাড়া। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। তবে এই ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব বাংলায় (West Bengal) পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের খবর, ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আলিপুর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকবে। বিশেষ কোনো সতর্কবার্তা নেই। দেশের উত্তর-মধ্যাংশে ও রাজ্যের অধিকাংশ এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। পরবর্তী চার দিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও নামবে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে পুরুলিয়া, শ্রীনিকেতন, কল্যানী এবং দার্জিলিঙের পাহাড়ি এলাকায়। দার্জিলিঙে রাতের তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরদুয়ারে ১৩ ডিগ্রি। উপকূলীয় জেলা এবং অন্যান্য কিছু জেলায় সকালবেলায় হালকা কুয়াশা থাকতে পারে। তবে দুপুরের পর কুয়াশা কেটে যাবে।