রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যাংকের তুলনায় বহু সমবায় ব্যাংকের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা এখনও দুর্বল। তার সুযোগ নিয়েই গত এক বছরে সাইবার প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 23 December 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি (Cyber Fraud)। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য। প্রতারণা ও অনলাইন জালিয়াতি রুখতে রাজ্যজুড়ে সমবায় ব্যাংকগুলিতে (Cooperative Bank) চালু হচ্ছে ‘সাইবার ফরেনসিক অডিট’ (Cyber Forensic Audit)।
রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যাংকের তুলনায় বহু সমবায় ব্যাংকের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা এখনও দুর্বল। তার সুযোগ নিয়েই গত এক বছরে সাইবার প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখতেই এই নতুন উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রের দাবি।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাংক-সহ রাজ্যের অন্যান্য সমবায় ব্যাংকগুলিতে এবার থেকে নিয়মিত ফরেনসিক অডিট চালানো হবে। এই অডিটের মাধ্যমে শুধু সন্দেহজনক অনলাইন কার্যকলাপ বা অবৈধ ডিজিটাল অনুপ্রবেশ চিহ্নিত করা নয়, পাশাপাশি প্রতারণার মাধ্যমে হারানো অর্থ উদ্ধারের সম্ভাবনাও অনেকাংশে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফরেনসিক অডিটে নিযুক্ত বিশেষজ্ঞ দল ব্যাংকের সার্ভারে কোনও ভুয়া আইপি অ্যাড্রেস থেকে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন। সেই সঙ্গে ওই আইপি-র প্রকৃত লোকেশন ট্র্যাক করার ব্যবস্থাও থাকবে। ফলে ভবিষ্যতে সাইবার অপরাধীদের শনাক্ত করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য—অ্যাকাউন্ট নম্বর, আধার, প্যান ও মোবাইল নম্বর—সমবায় ব্যাংকগুলির তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। সাইবার ফরেনসিক অডিটের মাধ্যমে এই সংবেদনশীল তথ্যের সুরক্ষা বলয় আরও শক্ত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তথ্য ফাঁস বা হ্যাকিংয়ের আশঙ্কা কমে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পরিমাণ যত বাড়ছে, ততই এই ধরনের উদ্যোগ গ্রাহকদের জন্য এক শক্তিশালী নিরাপত্তা জাল তৈরি করবে। অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মত তাঁদের।