পাল্টা প্রশ্ন তুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন এত মানুষ এ রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছেন, তা খতিয়ে দেখতে চান তিনি।

সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 19 August 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) ইস্যুতে ফের রাজনৈতিক অস্থিরতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন অন্য রাজ্যে শ্রমিকদের উপর ‘অত্যাচার’-এর প্রসঙ্গ তুলে তাঁদের ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন, তখনই পাল্টা প্রশ্ন তুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। কেন এত মানুষ এ রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছেন, তা খতিয়ে দেখতে চান তিনি।
রাজভবন মনে করছে, বাংলার গ্রামীণ অর্থনীতিতে কাজের অভাব, মজুরি কম, এবং পর্যাপ্ত সামাজিক সুরক্ষা নেই। এই বিষয়গুলি উল্লেখ করেই রাজ্যপাল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট (Report) পাঠিয়েছেন। জানা গেছে, প্রায় আট পাতার সেই রিপোর্টে সাতটি সুপারিশ করেছেন বোস। পরিসংখ্যান টেনে তিনি লিখেছেন, বাংলার ২১ লক্ষেরও বেশি মানুষ ভিন রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছেন। তাঁর দাবি, মন্ত্রিসভায় পাশ হওয়া এই প্রকল্পের মাধ্যমে যাঁরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে চাইবেন, তাঁদের পাশে দাঁড়াবে সরকার। প্রতি মাসে আরও ৫ হাজার টাকা ভাতা, স্বাস্থ্যসাথী ও অন্যান্য সুবিধাও মিলবে। যদিও এই ঘোষণা নিয়েও রয়েছে বিরোধী শিবিরের কটাক্ষ।
সোমবারই রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ইস্যুতে পরে সাংবাদিক বৈঠকে দাবি করেন, ৬ মাসের জন্য এই ঘোষণা করা হয়েছে। ভোটের পর টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। পাশাপাশি শুভেন্দু এও বলেন, সরকারের দেওয়া এই টাকা কেউ নেবেন না কারণ তারা জানেন, মাত্র ৫ হাজার টাকায় কিছু হয় না।
এরই মধ্যে পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্যপালের রিপোর্ট গেল কেন্দ্রীয় সরকারের কাছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিক ইস্যু বড় ভূমিকা নিতে চলেছে। ফলে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ভিন্ন অবস্থান রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করা হচ্ছে।