শুভেন্দু এও জানান, হরিয়ানাতে মোট হাজার জনকে বাংলা ভাষা বলার জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের মধ্যে ৯১৫ জন বাংলাদেশি মুসলমান বলে প্রমাণিত হয়েছেন!

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 18 August 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য 'শ্রমশ্রী' (Shramshree) ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। কিন্তু এই উদ্যোগকে আদতে 'নির্বাচনী প্রচার' বলেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর খোঁচা, 'মানুষকে টুপি পরিয়ে চলছেন মমতা।'
'শ্রমশ্রী'তে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তবে শুভেন্দু অধিকারী দাবি, এই ভাতা আদতে চলবে মাত্র ৬ মাস। কারণ ভোটের পর তা বন্ধ হয়ে যাবে। সংবাদমাধ্যমে তিনি দাবি করে বলেন, ''শুধু ঢপবাজি মেরে, টুপি পরাতে পরাতে চলছেন মমতা। ৫ হাজার টাকায় কিছু হয় না। যারা রোজ ৫ হাজার টাকা রোজগার করেন, তারা এই টাকা ছুড়ে ফেলে দেবেন।''
কী থাকছে ‘শ্রমশ্রী’তে?
৫ হাজার টাকার পাশাপাশি পশ্চিমবঙ্গে ফিরে আসার পর শ্রমিকরা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাঁদের।
প্রাথমিকভাবে বাংলার ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক যাঁরা ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্যসচিব।
সোমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারীরা। সাংবাদিকদের সেই প্রেক্ষিতে শুভেন্দু বলেন, রাজ্যপাল তাঁদের কিছু তথ্য দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে। জানান, হরিয়ানাতে মোট হাজার জনকে বাংলা ভাষা বলার জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের মধ্যে ৯১৫ জন বাংলাদেশি মুসলমান বলে প্রমাণিত হয়েছেন! বাকিরা এদেশীয়, তাঁরা নিজেদের কাজে ফিরে গেছেন। শুভেন্দুর দাবি, ওই ৯১৫ জন অনুপ্রবেশকারী, তাদের কাছে বৈধ কোনও তথ্য বা নথি ছিল না।
এক্ষেত্রে তিনি স্পষ্টত বাংলায় এসআইআর করার দাবি তুলেছেন। সাফ কথা, নির্বাচন কমিশন এসআইআর করলে এবং মমতার পুলিশকে 'তালা-চাবি' দিয়ে আটকে রাখতে পারলে, বাংলার মানুষ ঝড়ের গতিতে এই সরকার ফেলে দেবে।