'কেরলম' নাম কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হতেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন। বলেন, "একই দাবি নিয়ে বারবার কেন্দ্রের দরজায় গিয়েও যে বাংলাকে খালি হাতে ফিরতে হয়েছে।"

সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 25 February 2026 21:16
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে বাংলায় একের পর এক অপরাধের ঘটনা! এনিয়ে বরাবরের মতোই কড়া অবস্থান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C.V. Ananda Bose)। তাঁর কথায় রাজ্যে চুরি, দুর্নীতি, হিংসা ক্যানসারের রূপ নিয়েছে। বুধবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও কয়েকটি ইস্যুতেও কথা বলেন রাজ্যপাল। যার মধ্যে অন্যতম 'কেরলম' ইস্যুতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ।
কেরল এখন 'কেরলম'
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম ‘কেরলম’(Kerala Name Change) করায় সায় দিয়েছে। এনিয়ে সিভি আনন্দ বোস বলেন, "সমগ্র কেরলবাসী এটার সিদ্ধান্ত যে তাদের রাজ্যকে কেরলম নামে ডাকা হোক। রাজ্য মন্ত্রিসভায় বিল পাশ হওয়ার পর কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। তারা সেই ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে।" কেরলকে 'কেরলম' করার এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাজ্যপাল।
‘বাংলা’র বেলায় গড়িমসির অভিযোগ মুখ্যমন্ত্রীর!
'কেরলম' নাম কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হতেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) বিস্ফোরক অভিযোগ করেছেন। বলেন, "একই দাবি নিয়ে বারবার কেন্দ্রের দরজায় গিয়েও যে বাংলাকে খালি হাতে ফিরতে হয়েছে।" সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "কেরলের রাজ্য বিধানসভা এ বিষয়ে আগেই বিল পাশ করেছিল । তারপরে সেটা দিল্লিতে পাঠানো হয় । মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত। কেন্দ্রীয় সরকার অবশ্যই ভেবে দেখবে।"
বাংলায় SIR-এর কাজের জন্য ভিনরাজ্যের বিচারক
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে হাতে বেশি সময় নেই। এই অবস্থায় এসআইআরের (SIR) কাজ শেষ করার জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) গতকালই ওড়িশা, ঝাড়খণ্ড থেকে বিচারককে বাংলায় এনে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "এতে অবাক হওয়ার কিছু নেই। সমস্ত অভিযোগ ধাপে ধাপে নিষ্পত্তি হচ্ছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। তারা ভাল বুঝবে কীভাবে কাজ করতে হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য এসআইআর প্রক্রিয়া (SIR in Bengal) সম্পূর্ণ করতে হবে, আমি নিশ্চিত সঠিক পথেই কাজ এগোচ্ছে।"
ক্যানসারের মতো বাড়ছে দুর্নীতি-হিংসা
বাংলায় হিংসা ও দুর্নীতির ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল তাঁর তিন বছরের অভিজ্ঞতা তুলে ধরেন। সিভি আনন্দ বোস বলেন, "গত তিন বছর ধরে আমি বাংলায় আছি। দুর্নীতি ও হিংসা ক্যানসারের মতো বেড়েছে। এটাকে নির্মূল করা দরকার, নাহলে বাংলাকে বাঁচানো যাবে না। বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে হবে।"
হাওড়ায় প্রোমোটার খুন
হাওড়ায় প্রোমোটারকে খুনের ঘটনায় নজর রাখছেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবিষয়ে তিনি আগামী দিনে বিস্তারিত কথা বলবে বলেও জানান রাজ্যপাল।