
শেষ আপডেট: 17 April 2023 18:03
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর সামনে বিশাল রানের টার্গেট দেয় চেন্নাই (RCB vs CSK)। সেই রান তাড়া করতে নেমে প্রথমে চাপে পড়লেও ফাফ ডু'প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটের জোরে প্রায় ম্যাচ জিতিয়ে ফেলেছিল আরসিবি। তবে শেষরক্ষা হল না। চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হল বিরাটদের। বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে দিল ধোনির চেন্নাই।
টস জিতে এদিন চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক ফাফ ডু'প্লেসিস। চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড রান পাননি এই ম্যাচে। মাত্র তিন রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে চেন্নাইয়ের হয়ে এদিন দাপটের সঙ্গে ব্যাট করেন ডেভন কনওয়ে। প্রথমে অজিঙ্কা রাহানেকে ও পরে শিবম দুবেকে সঙ্গে নিয়ে চেন্নাইকে বড় রানে পৌঁছে দেন।
বেঙ্গালুরুর বিরুদ্ধে রাহানে করেন ২০ বলে ৩৭ রান। তিনি আউট কনওয়ের সঙ্গে ম্যাচের হাল ধরেন দুবে। কনওয়ে ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। দুবে করেন ২৭ বলে ৫৪। ২০ ওভার শেষে ৬ উইকেটে হারিয়ে ২২৬ রান তোলে।
ঘরের মাঠে চেন্নাইয়ের ২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বেঙ্গালুরু। আকাশ সিংয়ের বলে মাত্র ৬ রান করে আউট হন বিরাট কোহলি। তিনে নামা মহিপাল লোমরোরও (০) রান পাননি। ১৫ রানেই বেঙ্গালুরু ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে জয়ের স্বপ্ন দেখান ডু'প্লেসিস ও ম্যাক্সওয়েল। ১২৬ রানের পার্টনারশিপ করেন।
মাত্র ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ব্যাটিং করেন আরসিবির অধিনায়ক। আর ম্যাক্সওয়েল খেলেন ৩৬ বলে ৭৬ রানের ইনিংস। কিন্তু দুই তারকা আউট হওয়ার পরই ধীরে ধীরে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাতে থাকে। শেষে মাত্র ৮ রানে ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারতে হল বেঙ্গালুরুকে।
চিন্নাস্বামীতে হলুদ সাইক্লোন, বেঙ্গালুরুর বোলারদের নাস্তানাবুদ করে বিরাট রান চেন্নাইয়ের