সিপিএম নেতার দাবি, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করতে চাইছেন যে দলের মধ্যে তিনিই একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী এবং অন্য নেতৃত্বের উপর তাঁর নির্ভরতা সীমিত।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য
শেষ আপডেট: 4 February 2026 16:16
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার (Supreme Court SIR Hearing) শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি অংশগ্রহণ নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর অভিযোগ, আদালতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি আসলে নাটক ছাড়া আর কিছু নয়। তিনি এও বলেন, এর মাধ্যমে নিজের দলের আইনজীবীদেরই অসম্মান করা হয়েছে।
দ্য ওয়াল-কে (The Wall News) প্রতিক্রিয়া দিয়ে বিকাশরঞ্জন বলেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনও নতুন যুক্তি তুলে ধরেননি, যা আগে তাঁর দলের আইনজীবীরা আদালতে বলেননি। তাঁর মতে, এই পদক্ষেপের মাধ্যমে মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন যে, নিজের দলের আইনজীবীদের উপর তাঁর আস্থা নেই। বিকাশরঞ্জনের বক্তব্য, বিপুল পারিশ্রমিক দিয়ে আইনজীবী নিয়োগ করা হলেও তাঁদের উপর বিশ্বাস না রেখে নিজেই আদালতে উপস্থিত হওয়া দলের অভ্যন্তরীণ অবস্থার দিকেই ইঙ্গিত করে।
সিপিএম নেতার দাবি, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার প্রমাণ করতে চাইছেন যে দলের মধ্যে তিনিই একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী এবং অন্য নেতৃত্বের উপর তাঁর নির্ভরতা সীমিত।
তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেছেন বিকাশরঞ্জন। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় যে ১১ ধরনের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে, তার অধিকাংশই সাধারণ মানুষের পক্ষে সংগ্রহ করা কঠিন। তাঁর দাবি, দেশের বহু নাগরিক এমন নথি দেখাতে পারবেন না। এমনকি সংসদে থাকা বহু জনপ্রতিনিধির কাছেও এই নথিগুলি সবসময় থাকে না বলে মন্তব্য করেন তিনি।
বিকাশরঞ্জন আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। ঝড়, বন্যা বা অন্যান্য বিপর্যয়ের ফলে বহু মানুষের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। সেই পরিস্থিতিতে নির্দিষ্ট নথি বাধ্যতামূলক করা বাস্তবসম্মত নয় বলেই তাঁর মত।
উল্লেখ্য, এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে এর আগেই সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছিলেন প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান এবং তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সাম্প্রতিক শুনানিতে আইনজীবীদের পাশাপাশি আদালতের প্রথম সারিতে উপস্থিত থেকে নিজেই যুক্তি উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই নজিরবিহীন পদক্ষেপ মামলাকে নতুন রাজনৈতিক ও আইনি মাত্রা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।