পুলিশের অভিযানে মিলল ভুয়ো নথির পাহাড়।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশিদের আধার কার্ড ও ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিপিএম নেতা (CPM leader arrested)। উত্তর ২৪ পরগনার বাগদার (Baghdad) সিন্দ্রানী এলাকা থেকে ধরা পড়েছেন স্বপন সাধু (পেশায় স্কুলের ক্লার্ক)। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ভুয়ো নথি তৈরির কারবার চালাচ্ছিলেন (Aadhaar-voters of Bangladeshis)।
সাম্প্রতিক সময়ে বনগাঁ-বাগদা সীমান্তে বারবার ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের জালে ধরা পড়েছে একাধিক দালালও। সেই সূত্র ধরেই শুরু হয় ভুয়ো নথি কারবারিদের খোঁজ। ধৃত অনুপ্রবেশকারীদের জেরা করে উঠে আসে স্বপন সাধুর নাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগদার সিন্দ্রানীতে স্বপনের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প, জন্ম ও মৃত্যু শংসাপত্র, বিভিন্ন স্কুলের শংসাপত্রের প্যাড, এবং সরকারি দফতরের রবার স্ট্যাম্প। জানা গিয়েছে, স্বপন পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন। অভিযোগ, জাল নথি তৈরির পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের টাকা তছরূপ ও নিয়োগ দুর্নীতিতেও তিনি জড়িত।
এদিকে রাজ্যে সম্প্রতি এসআইআর (স্ট্যান্ডার্ড আইডেন্টিটি রেজিস্টার) নিয়ে তোলপাড় চলছে। এই আবহে পুলিশের এই সাফল্য ফের প্রমাণ করল, কেন আধার বা ভোটার কার্ডকে এসআইআর-এ একমাত্র পরিচয়পত্র হিসেবে মান্যতা দিতে নারাজ নির্বাচন কমিশন। কারণ, অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি দেখিয়ে ‘আসল’ পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে। ফলে নথি আসল হলেও, তার বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।