
বাকিবুর রহমান
শেষ আপডেট: 22 November 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুরকে দুবাই যাত্রায় অনুমতি দিল বিশেষ ইডির আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপত্তি জানিয়ে বলেছিল বাকিবুরকে যেন অনুমতি না দেওয়া হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে বাকিবুরকে দুবাই যেতে সম্মতি দিল।
রেশন দুর্নীতিতে জামিনে মুক্তি পায় বালু ঘনিষ্ঠ বাকিবুর রহমান। ১০ দিনের জন্য বাকিবুরের দুবাই যাত্রায় সম্মতি দিলেও কিছু বাঁধন রেখে দিয়েছে আদালত। ২৫ নভেম্বর দুবাই যাত্রার পর বাকিবুরকে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই তাঁকে ৬ ডিসেম্বর পাসপোর্ট জমা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকিবুর রেসিডেন্সিয়াল ভিসার রিনিউ করতে দুবাই যেতে চান। দুবাই যাওয়ার আগে তদন্তকারী অফিসারকে ফোন নম্বর দিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর। দুবাই যাওয়ার প্ল্যান ছিল চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানের। ঠিক তার আগেই তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি বছরের অগস্টে জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর।
বাকিবুরের তরফে আদালতে বলা হয়েছিল, তাঁর পরিবার এখন দুবাইয়ে থাকেন। তাই তাঁদের সঙ্গে দেখা করতে চান তিনি। বিষয়টি জানতে পেরেই আদালতে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ইডি।
ইডির তরফে আদালতে পরিষ্কারভাবে জানানো হয়, রেশন কেলেঙ্কারিতে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্থিক তছরূপের মামলা রয়েছে বাকিবুরের নামেও। এমনকী বাকিবুরের অর্থ তছরূপের সঙ্গে দুবাই যোগ রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগেই আদালতে জানানো হয়েছিল।
ওই প্রসঙ্গ টেনে বাকিবুরের দুবাই যাত্রার বিরোধিতা করেছে ইডি। কিন্তু ইডির বিশেষ আদালত বাকিবুরের দুবাই যাত্রার অনুমতি দিয়েই দিল।