
শেষ আপডেট: 12 December 2022 05:39
দ্য ওয়াল ব্যুরো: স্বামী স্ত্রী দুজনে মিলে নাকি ডাইনি বিদ্যা চর্চা করতেন (Practising Witchcraft)! সেই সন্দেহ থেকেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুন করল মধ্যবয়সি এক দম্পতিকে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ওড়িশার কেওনঝড় জেলার দাইতারি থানার অধীনস্ত রসুল ঝুমুকিপাতিয়া শাহী গ্রামে। মৃতদের নাম বাহাদা মুর্মু (৪৫) এবং ধানী মুর্মু (৩৫)। ওই দম্পতির বাড়ির বাইরে তাঁদের মৃতদেহ দুটি পড়েছিল (Couple Killed in Odisha) বলে জানিয়েছে পুলিশ। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।
দম্পতির মেয়ে সিংগো জানিয়েছেন, শনিবার রাতে নিজেদের ঘরের বাইরে ঘুমিয়েছিলেন তাঁর বাবা এবং মা। তিনি ঘরের ভিতর শুয়ে ছিলেন। হঠাৎই প্রচন্ড চিৎকার কানে আসে তাঁর। ছুটে গিয়ে দেখেন, বাড়ির বাইরে রক্তের স্রোতের মধ্যে পড়ে রয়েছে তাঁর বাবা মার নিথর দেহ।
সঙ্গে সঙ্গে কাকা কিষাণ মারান্ডিকে ফোন করে খবর দেন সিংগো। কিষাণ জানিয়েছেন, রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে ফোন করেন সিংগো। সঙ্গে সঙ্গেই বড় ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সেখানে এসে পৌঁছান তিনি। কিষাণই খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাইনি বিদ্যা চর্চা করার সন্দেহ থেকেই দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও তাঁরা সত্যিই কালোজাদু চর্চা করতেন কিনা, তা এখনও জানা যায়নি। ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলার রুজু করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
পণের দাবিতে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে পুড়িয়ে মারল যুবক! গ্রেফতার অভিযুক্ত