মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটের সময় জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় ইউনুস দম্পতি চাপা পড়ে যান।

বর্ধমানে বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি
শেষ আপডেট: 5 August 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মাটির বাড়ি ধসে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জামালপুরে। মৃত দম্পতির নাম মোহাম্মদ ইউনুস মল্লিক( ৫৭) ও রিজিয়া বেগম মল্লিক (৫৩)।
মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটের সময় জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় ইউনুস দম্পতি চাপা পড়ে যান। পাড়া পড়শিরা বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে আসেন। কিন্তু কোনওভাবে তাঁদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশ আসে। জেসিবি এনে ধ্বংসস্তূপ সরিয়ে দু'টি দেহ উদ্ধার করা হয়। জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা হাফিজুল রহমান মল্লিক বলেন, "লাগাতার ভারী বৃষ্টির জন্যই দেড় তলা মাটির বাড়ি ভেঙে পড়ে ভোর রাতে। আমরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করলেও কিছুই করতে পারিনি। জেসিবি মেশিন এনে মাটি সরিয়ে দেহ দু'টি উদ্ধার করা হয়।"
মৃতা রিজিয়া বেগম মল্লিকের ভাই সেখ ইদ্রিস বলেন, "টানা বর্ষণের জন্যই দেড়তলা মাটির বাড়িটি ভেঙে পড়ে।
মৃত দম্পত্তির দুই ছেলে মাসুদ মল্লিক ও আজিজ মল্লিক। তাঁরা বাবা-মাকে মাটির বাড়িতে ঘুমোতে নিষেধ করত। তবুও ওই মাটির বাড়িতেই রাতে শুতে যেতেন তাঁরা। অন্য দিন নাতি রেহান মল্লিকও তাঁদের সঙ্গে মাটির বাড়িতে ঘুমোতে যেত। কিন্তু বরাত জোরে সোমবার রাতে রেহান দাদু ঠাকুরমার সঙ্গে মাটির ঘরে ঘুমোতে যায়নি।"