অভিযোগে রাজনারায়ণ ঠাকুর উল্লেখ করেছেন— “এই জমি বিক্রি সম্পূর্ণ বেআইনি, আমার অনুমতি ছাড়াই হয়েছে। আমার জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখিয়ে এই জালিয়াতি করা হয়েছে।”

জেলাশাসকের দ্বারস্থ নবতিপর বৃদ্ধ
শেষ আপডেট: 5 August 2025 08:56
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম পুত্র দিলীপ ঠাকুর তাঁকে কাগজে-কলমে মৃত (Man Declared Dead) দেখিয়ে পূর্বপুরুষদের জমি মাত্র ২ লক্ষ টাকায় বিক্রি (Land Sell) করে দিয়েছে। বয়স ৯০, হাতে লাঠি নিয়ে এমনই অভিযোগ নিয়ে মুজাফফরপুরের (Bihar) জেলাশাসকের দরজায় হাজির হলেন বৃদ্ধ রাজনারায়ণ ঠাকুর।
মামলাটি মুজাফফরপুর জেলার মহম্মদপুর গ্রামের। রাজনারায়ণ ঠাকুর জানান, তাঁদের পৈতৃক জমির মালিকানা এখনও তাঁদের বাবা মৃত মথুরা ঠাকুরের নামে। যদিও ভাই রামজিনিশ ও রামপুকারের সঙ্গে মৌখিকভাবে জমি ভাগের কথা হয়েছে, এখনও কোনও আইনত বিভাজন হয়নি।
কিন্তু এর মধ্যেই, পঞ্চম পুত্র দিলীপ ঠাকুর কীভাবে ওই জমি বিক্রি করলেন? বৃদ্ধ বাবার অভিযোগ, জমির কোনও রকম যাচাই না করেই, মটিপুর রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির নথি তৈরি হয়েছে। সেই বিক্রয়নামায় রাজনারায়ণকে মৃত বলে উল্লেখ করা হয়েছে।
বৃদ্ধ জানান, দিলীপ ঠাকুর ৪৪ বছর বয়সি, তিনি সুমন সৌরভ নামে এক ব্যক্তির কাছে জমি বিক্রি করেছেন। তাঁর কাছে থাকা বিক্রয়নামা অনুযায়ী, এই চুক্তি সম্পূর্ণ হয়েছে তাঁর অজ্ঞাতে, অনুমতি ছাড়াই। ফলে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তিনি।
অভিযোগে রাজনারায়ণ ঠাকুর উল্লেখ করেছেন— “এই জমি বিক্রি সম্পূর্ণ বেআইনি, আমার অনুমতি ছাড়াই হয়েছে। আমার জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখিয়ে এই জালিয়াতি করা হয়েছে।”
তিনি প্রশাসনের কাছে দুটি দাবি জানিয়েছেন: প্রথমত, এই বেআইনি রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। দ্বিতীয়ত, তাঁর জমির যে অংশ জাল কাগজে রেজিস্ট্রি করা হয়েছে, তা অবিলম্বে বাতিল বা জব্দ করা হোক।
তিনি আরও বলেন, “আমার ছেলে মদ্যপ, এবং এর আগেও খারাপ সঙ্গের কারণে একাধিক সম্পত্তি বিক্রি করে দিয়েছে।” তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “বাড়িতে কেউ আর খোঁজও নেয় না— না খাবার, না জামাকাপড়। এখন শুধুই চাই, ন্যায়বিচার হোক। আমার প্রাপ্য জমি যেন রক্ষা পায়।”
এ বিষয়ে জেলাশাসক সুব্রত কুমার সেন ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সার্কেল অফিসার এবং থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।