শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তেজস্বী যাদব বলেন, আমারই নাম তো নেই ভোটার তালিকায়। আমি কী করে ভোটে লড়ব? কী আশ্চর্য! অতিরিক্ত বলার প্রয়োজন নেই যে, তাঁর এই দাবির সঙ্গে সঙ্গে বিহার তো বটেই গোটা দেশে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

তেজস্বী যাদব। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: বিহারের নতুন ভোটার তালিকা নিয়ে বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমারই নাম তো নেই ভোটার তালিকায়। আমি কী করে ভোটে লড়ব? কী আশ্চর্য! অতিরিক্ত বলার প্রয়োজন নেই যে, তাঁর এই দাবির সঙ্গে সঙ্গে বিহার তো বটেই গোটা দেশে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
রাষ্ট্রীয় জনতা দল নেতা তথা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী বলেন, শুক্রবার নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে তাঁরই নাম নেই। পাটনায় সাংবাদিকদের সামনে বলেন, তিনি বিশেষ সংশোধনী অভিযানের সময় গণনা ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু, খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, তাঁর নামই নেই ভোটার হিসেবে। তাঁর প্রশ্ন, এখন আমি কী করে আসন্ন বিধানসভা ভোটে লড়াই করব?
তেজস্বীর বিস্ফোরক অভিযোগ, এপিক নম্বর ও নাম দিয়ে খুঁজেও অনলাইনে তাঁর নামের হদিশ মিলছে না। বুথ লেভেল অফিসার ব্যক্তিগতভাবে আমার ফর্ম সংগ্রহ করেছিলেন। তা সত্ত্বেও তাঁর নাম খসড়া তালিকায় দেখা যাচ্ছে না, বলেন তেজস্বী।
লালুপুত্রের আরও অভিযোগ, প্রতিটি বিধানসভা ক্ষেত্র থেকে অন্ততপক্ষে ২০ থেকে ৩০ হাজার নাম বাদ গিয়েছে। মোট ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অর্থ ৮.৫ শতাংশ ভোটারের নাম নেই। কিন্তু, যখন ভোটার তালিকা আমাদের কাছে দেওয়া হল, তাতে দেখা গেল নির্বাচন কমিশন চালাকি করে কোনও ভোটারের ঠিকানা, বুথ নম্বর ও এপিক নম্বর দেয়নি। ফলে আমরা খুঁজেই পাচ্ছি না যে, আমাদের নাম তালিকায় আছে না কেটে দেওয়া হয়েছে, বলেন তেজস্বী।
তেজস্বী যাদবের অভিযোগের জবাবে কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। কমিশন তাঁর দাবি খণ্ডন করতে পাল্টা একটি তালিকা প্রকাশ করে দেখিয়ে দিয়েছে যে তেজস্বী যাদবের নাম রয়েছে। কমিশন বলেছে, তাঁর ক্রমিক নম্বর ৪১৬। হাউস নম্বর ১০। এপিক নম্বরও দিয়ে দিয়েছে কমিশন। কমিশনের দাবি, তেজস্বী যাদব তাঁর পুরনো এপিক নম্বর দিয়ে খুঁজেছেন নিশ্চই। সেকারণেই তিনি তাঁর বিস্তারিত তথ্য পাননি।