বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতার দাপটে গলদঘর্ম অবস্থা। বৃষ্টি থামলেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 August 2025 10:13
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় বর্ষা (Weather Update)। সোমবার রাত থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে কলকাতা (Kolkata Weather) ও আশপাশের জেলাগুলিতে। একটানা বৃষ্টিতে ভিজেছে শহর, আর তাতেই ফের বাড়ছে যানজট, জল জমা ও দুর্ভোগের আশঙ্কা।
উত্তরবঙ্গে টানা ৬ দিনের বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ছয় দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলা জলমগ্ন হতে পারে।
দক্ষিণেও বৃষ্টি, জারি সতর্কতা
বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। বৃহস্পতিবার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতার দাপটে গলদঘর্ম অবস্থা। বৃষ্টি থামলেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী।
এদিকে টানা বৃষ্টির ফলে অনেক জমি জলের তলায়। প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। চারা রোপণ ও অন্যান্য কৃষিকাজে সমস্যা তৈরি হয়েছে বহু জেলায়।