এর আগেই ছটি পর্বে মসজিদ নির্মাণের জমা পড়ার টাকা গোনা নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ করেছেন হুমায়ুন। অনুদানের টাকা এবং সেই গোনায় কোনও গরমিল চান না, একথা আগেই জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: 20 December 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: গত ৬ ডিসেম্বর বেলডাঙা থেকে বাবরি মসজিদ গড়ার সংকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর। ১৫ তারিখ রাত থেকে ২০ তারিখ দুপুর পর্যন্ত যে অনুদান জমা পড়েছে, তা গোনা শুরু হয়েছে ইতিমধ্যে। হুমায়ুনের 'রীতি' অনুযায়ী ফেসবুকে সেই গণনার লাইভও চলছে।
এর আগেই ছটি পর্বে মসজিদ নির্মাণের জমা পড়ার টাকা গোনা নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ করেছেন হুমায়ুন। অনুদানের টাকা এবং সেই গোনায় কোনও গরমিল চান না, একথা আগেই জানিয়েছেন তিনি। তাই ক্যামেরা এবং মানুষের চোখের সামনে রেখেই সবটা করা হবে, মত ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
১৫ ডিসেম্বর বেলডাঙা মসজিদ নির্মাণের স্থান থেকে একটি ফেসবুক লাইভ করেন। সেই ছবিতেই স্পষ্ট, সেখানে বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ভিড়। চারদিকে মানুষের হাতে ক্যামেরা। হুমায়ুন অনেকের সঙ্গে কথা বললেন, মন দিয়ে তাঁদের কথা শোনেন। হাত মেলান, সেলফিও তোলেন।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যানার এবং বাকি তথ্যও আপলোড করেছেন তিনি, যাতে মানুষ অনলাইনেও দূর-দুরান্ত থেকে টাকা দান করতে পারেন। অনেকেই দান করেছেন সোনা, যার বাজারমূল্য লাখে পৌঁছেছে।
হুমায়ুন ঘনিষ্ঠদের তরফে জানা গেছে, অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সেখানে সিসিটিভি-সহ নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হবে।
হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, মালদাতেও মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদহ থেকেও অনেকে যোগাযোগ করেছেন। এই দুই জেলাতেই মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন হুমায়ুন।
সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার, ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) টেক্সটাইল মোড় থেকে তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তার আগেই বেলডাঙায় তাঁর প্রস্তাবিত মসজিদের (Proposed Mosque) সামনে জুম্মাবারের (শুক্রবার) নামাজে লক্ষাধিক মানুষের জমায়েত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।