প্রতিবারের মতো এবারেও শুরু হতে চলেছে হজ যাত্রা (Hajj)। আগামী ৪ জুন থেকে শুরু হবে চলতি বছরের হজ যাত্রা। চলবে ৯ জুন পর্যন্ত।

নওসাদ সিদ্দিকি।
শেষ আপডেট: 13 May 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারেও শুরু হতে চলেছে হজ যাত্রা (Hajj)। আগামী ৪ জুন থেকে শুরু হবে চলতি বছরের হজ যাত্রা। চলবে ৯ জুন পর্যন্ত।
আর এই হজ যাত্রার পূণ্যার্থীদের সহযোগিতা করার জন্য ফি বারই রাজ্যের তরফে স্টেট হজ ইন্সপেক্টর (SHI) নিয়োগ করা হয়। আর সেই নিয়োগেই বিস্তর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)।
নওসাদ বলেন, মক্কা শরিফ, মদিনা শরিফ-সহ এই হজের সময় বাংলা থেকে যে সমস্ত হাজিরা যাবেন তাদের সহযোগিতা করার জন্য রাজ্যের তরফে প্রতি বছরই স্টেট হজ ইন্সপেক্টর (SHI) নিয়োগ করা হয়। কারণ, হজে গিয়ে অনেকে হারিয়ে যায়, অনেকের দুর্ঘটনা ঘটে, অনেকে মারাও যান। তাদের শেষকৃত্য থেকে শুরু করে সব ধরনের সমস্যায় সহযোগিতা করার জন্যই এই ইন্সপেক্টরদের নিয়োগ করা হয়। এজন্য সরকারের তরফ থেকে ট্রেনিং দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। দুর্ভাগ্য যারা ট্রেনিং নিল, যারা পরীক্ষায় পাশ করল, তাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।
এ ব্যাপারেই খোঁজখবর নিতে রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান ও সিইওকে আগেই চিঠি দিয়েছিলেন নওসাদ। এদিন হজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে দেখাও করতে যান তিনি। তবে হজ কমিটির চেয়ারম্যান না থাকায় এদিন নওসাদকে খালি হাতে ফিরে আসতে হয়। তিনি বলেন, "আমার কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ এসেছে। তাই খোঁজ নিতে এসেছিলাম। ভবিষ্যতে আবারও আসব। যথাযথ উত্তর না পেলে আইনি পদক্ষেপ করা হবে।" এ ব্যাপারে অবশ্য রাজ্যের হজ কমিটির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।