মঙ্গলবার সন্ধেয় আরজি কর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে কথাগুলি বলছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশে স্ত্রী রিঙ্কু মজুমদার।

স্ত্রী ও সৃঞ্জয়ের সঙ্গে দিলীপ ঘোষ।
শেষ আপডেট: 13 May 2025 21:57
দ্য ওয়াল ব্যুরো: "কল্পনাতীত, এমন দিন যে কখনও দেখতে হবে ভাবিনি। দুর্ভাগ্য আমার, পুত্র সুখ হল না, পুত্র শোক হয়ে গেল!" মঙ্গলবার সন্ধেয় আরজি কর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে কথাগুলি বলছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশে স্ত্রী রিঙ্কু মজুমদার।
মঙ্গলবার সকালে সাঁপুরজির বহুতলের ঘরে রহস্যমৃত্যু হয়েছে রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তর। প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, ওভারডোজের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে প্রীতমের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
এদিন সকাল থেকেই হাসপাতালে ছিলেন রিঙ্কু। বিকেলে হাসপাতালে আসেন দিলীপ। গত ১৮ এপ্রিল দিলীপ-রিঙ্কু সাত পাকে বাঁধা পড়েছেন। তার আগে দিলীপের সঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম। এদিন সেই প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, "ছেলেটা সর্বগুণ সম্পন্ন ছিল। এত ভাল ছেলেটা এভাবে চলে যাবে, কল্পনাও করতে পারছি না।"
দিলীপের কথায়, "আগের থেকে আমার সঙ্গে পরিচয় ছিল, খেলা দেখাতেও নিয়ে গিয়েছি। ওর প্রতি আমার মোহ তৈরি হয়ে গিয়েছিল। সেটা যে এভাবে শেষ হয়ে যাবে, কল্পনাও করতে পারছি না।"
দিলীপ বলেন, এরকম একটা ঘটনা যার কোনও বর্ণনা দেওয়া যায় না। সকালে ওর মা রান্না করছিল, একটা ফোন এল, তারপরে এই ঘটনা। কীভাবে কী হল, আমরা বুঝতেও পারছি না। পুরোটাই একটা রহস্য। ময়নাতদন্তে নিশ্চয়ই সবটা জানা যাবে।