দ্য ওয়াল ব্যুরো : পুরুষদের প্রজনন শক্তির ওপরে করোনা ভ্যাকসিনের কোনও প্রভাব পড়ে কিনা, তা নিয়ে গবেষণা করেছিলেন আমেরিকার মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মোট ৪৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক এই গবেষণায় অংশগ্রহণ করেন। শুক্রবার সেই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, এমআরএনএ ভ্যাকসিন নেওয়ার পরেও স্বেছাসেবকদের বীর্যে 'স্বাস্থ্যকর মাত্রায়' শুক্রাণু আছে।
জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এদিন ওই গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ৪৫ জন পুরুষের মধ্যে ২১ জনকে ফাইজার বায়ো এনটেকের টিকা দেওয়া হয়েছিল। বাকি ২৪ জনকে দেওয়া হয়েছিল মোডার্নার ভ্যাকসিন। তাঁদের কারও বীর্যে শুক্রাণুর সংখ্যা কমেনি।
২০২০ সালের নভেম্বর মাসে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, কোভিড আক্রান্তদের প্রজনন শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোভিডের ভ্যাকসিনের সঙ্গে পুরুষদের প্রজনন শক্তির কোনও সম্পর্ক আছে কিনা, তা নিয়ে গবেষণা হল এই প্রথমবার।
শুক্রবার ওয়ার্ল্ডোমিটার জানায়, এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮২ লক্ষ ৭৮৫১ জন। মারা গিয়েছেন ৩৮ লক্ষ ৫৮ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ২৭ লক্ষ ১৬ হাজার ৮৭৮ জন। বিশ্ব জুড়েই স্তিমিত হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ। ক্রমে সংক্রমণ কমছে ভারতেও।
স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। এই মুহূর্তে গোটা দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ থেকে নেমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। বিগত ৭৩ দিনে যা সর্বনিম্ন।
এর পাশাপাশি গত একদিনে কোভিড থেকে সেরে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। দেশজুড়ে সুস্থতার হার আপাতত ৯৬ শতাংশেরও বেশি। যা রীতিমতো স্বস্তিদায়ক। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন করোনা রোগীর মধ্যে সেরে উঠেছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের। পাশাপাশি এখনও পর্যন্ত দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জন নাগরিকের ভ্যাকসিনেশন হয়েছে বলে কেন্দ্রের তরফে খবর।