দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে গিয়েছে। ব্যতিক্রম কেবল বিহার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রসঙ্গটি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বললেন, লকডাউনের সময় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি আছে। তিনি নিষেধাজ্ঞা মেনে চলছেন। কিন্তু অন্যরা মানছে না।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যখন নীতীশ কুমারের বলার সময় আসে, তিনি কার্যত বিপর্যয় মোকাবিলা আইন পড়ে শোনান। তারপর প্রশ্ন করেন, “যদি পাঁচজন রাস্তায় দাঁড়িয়ে কোনও দাবি তোলে, সরকারের কি সঙ্গে সঙ্গে মেনে নেওয়া উচিত? এভাবে কি প্রশাসন চলতে পারে?” কোটায় আটকে পড়া ছাত্রদের সম্পর্কে তিনি বলেন, “তাঁরা তো সম্পন্ন পরিবারের সন্তান। তাঁদের কোটায় থাকতে কী এমন সমস্যা হচ্ছে?” পরে তিনি বলেন, “আমরা আইন মেনে চলছি। কিন্তু কয়েকটি রাজ্যের সরকার ছাত্র ও শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। দয়া করে একটা সাধারণ নীতি চালু করুন।” নীতীশ কুমার নির্দিষ্ট হিসাব দিয়ে বলেন, “কোটা থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। তাতে নিশ্চয় বিভিন্ন রাজ্যের ওপরে চাপ সৃষ্টি হয়েছে।”
এদিনের বৈঠকে নীতীশ স্পষ্ট করে দেন, ভিন রাজ্য থেকে ছাত্র ও শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষমতা তাঁর নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি তাদের ফিরিয়ে আনতে অনুমতি দেয়, তিনি বাধা হয়ে দাঁড়াবেন না। তবে ভিন রাজ্য থেকে কেউ বিহারে ঢোকার আগে তাঁর ডাক্তারি পরীক্ষা অবশ্যই করতে হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনও বৈষম্য করা চলবে না। শুধু কোটা নয়, অন্যান্য রাজ্যেও যে ছাত্রছাত্রীরা আটকে পড়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনতে হবে।