অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আরও বিতর্ক বাড়ল। কারণ তাতে যে চিকিৎসকের সই রয়েছে তাঁর বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে।

অনুব্রত মণ্ডল।
শেষ আপডেট: 2 June 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের পুলিশ কর্তাকে হুমকি দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকে থানায় তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। এরপর রবিবারও তাঁকে ডাকা হলে অনুব্রতর আইনজীবীরা জানান, তিনি অসুস্থ তাই তলবে সাড়া দিতে পারবেন না। এই নিয়ে তো আলোচনা চলছিলই, এবার অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আরও বিতর্ক বাড়ল। কারণ তাতে যে চিকিৎসকের সই রয়েছে তাঁর বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে।
তৃণমূল নেতার মেডিক্যাল রিপোর্ট শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের। আর তাতে সই রয়েছে হিটলার চৌধুরী নামের এক চিকিৎসকের। এই নাম নিয়েই বিতর্ক। কারণ রামপুরহাট ১-এর ব্লক স্বাস্থ্য আধিকারিকের (বিএমওএইচ) নামও হিটলার চৌধুরী। এই প্রেক্ষিতেই দুটি প্রশ্ন উঠেছে। এক, দুই হিটলার চৌধুরী কি একই ব্যক্তি? দুই, যদি একই ব্যক্তি হন তাহলে কি তিনি অবৈধ ভাবে অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্টে সই করেছেন?
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর শুধু বক্তব্য, কী হয়েছে তিনি পুরোটা জানেন না। এখন রাজ্যের বাইরে আছেন, ফিরে খোঁজ নেবেন। এদিকে, সত্যিই বিএমওএইচ পদে থাকা সত্ত্বেও ওই চিকিৎসক একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন এবং মেডিক্যাল রিপোর্টও তৈরি করে দিচ্ছেন কিনা তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি পুলিশ। তবে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, মলয় পিট অনুব্রত ঘনিষ্ট! তিনি আদতে তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। পুরোটাই পরিকল্পনা মাফিক করা হয়েছে।
পুলিশ কর্তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডলের। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেস তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দেশ মতো ক্ষমা চাইলেও পুলিশে মামলা দায়ের হয়েছে অনুবতের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে। কিন্তু অসুস্থতার কথা বলে দুবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এবার পুলিশ কি তাঁকে গ্রেফতার করবে, সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা।