
রানিতলা থানার ওসি বদল।
শেষ আপডেট: 4 May 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যে ফের রাজ্যের আরও একটি থানার ওসিকে বদল করল নির্বাচন কমিশন। ৬৭ ভগবানগোলা বিধানসভার অন্তর্গত রানিতলার ওসিকে (স্টেশন হাউস অফিসার) সরিয়ে দিল কমিশন। কমিশন জানিয়েছে, ভোটের কাজে ওসিকে আর ব্যবহার করা যাবে না।
সূত্রের খবর, রানিতলা থানার দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। রাজ্যকে তিনজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, যে ওসিকে রানিতলা থানা থেকে বদলি করা হয়েছে তাঁকে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন বছরের শুরুতেই জেলা পুলিশে একাধিক রদবদল হয়েছিল। একাধিক ওসি, আউটপোস্টের ইনচার্জ, সাব ইন্সপেক্টর, এএসআই পদে রদবদল ঘটানো হয়। জেলার চারটি থানার ওসি, পাঁচটি পুলিশ পোস্টের অর্থাৎ ফাঁড়ির ইনচার্জ, মোট ১৩জনের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ভোটের মধ্যেও আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি বদল করেছে কমিশন।
কমিশনের তরফে ওই দুটি থানার ওসিকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভোটের কাজ ওই দুই ওসিকে ব্যবহার করা যাবে না। দুই ওসিকে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকেও। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে সেটাই রাজ্যে বড় পদক্ষেপ ছিল জাতীয় নির্বাচন কমিশনের। তার মাস আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়েছিল। কিন্তু বেশিদিন অবশ্য ওই পদে থাকতে পারলেন না তিনি। দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই ওই পদক্ষেপ করা হয়।