প্রত্যক্ষদর্শীরা জানান, স্টান্টের সময় ৭৭ নম্বর আলোকস্তম্ভের কাছে একটি বাঁক পার করতে গিয়ে মনোজিৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের গার্ডওয়ালে ধাক্কা খায়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 17 November 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: মুকুটমণিপুরের (Mukutmanipur) রাস্তায় ফটোশুটের সময় বাইক স্টান্ট (Bike Stunt ) করতে গিয়ে প্রাণ গেল রাইপুর পলিটেকনিক কলেজের এক কলেজছাত্রের (College Student)। মৃতের নাম মনোজিৎ মাহাত, বয়স ২১ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের সঙ্গে মুকুটমণিপুরের পর্যটনকেন্দ্রে ঘুরতে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টান্টের সময় ৭৭ নম্বর আলোকস্তম্ভের কাছে একটি বাঁক পার করতে গিয়ে মনোজিৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের গার্ডওয়ালে ধাক্কা খায়।
স্থানীয়রা আহত মনোজিতকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
ঘটনার পর গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকাবাসী শোকস্তব্ধ, আবার কেউ কেউ এই ধরনের ঝুঁকিপূর্ণ স্টান্ট থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।