তাঁর প্রশ্ন, “কোনও এক্সিডেন্ট হতেই পারে, কিন্তু যদি সেটা পূর্বপরিকল্পিত হয়, তাহলে আমাদের প্রশ্ন উঠবেই।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 June 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বিমান দুর্ঘটনা (Ahmedabad plane crash) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দুর্ঘটনাকে স্বাভাবিক বলে মানতে নারাজ তিনি। তাঁর প্রশ্ন, “কোনও এক্সিডেন্ট হতেই পারে, কিন্তু যদি সেটা পূর্বপরিকল্পিত হয়, তাহলে আমাদের প্রশ্ন উঠবেই।”
ঘটনার তদন্ত নিয়ে কেন্দ্রের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন মমতা। বলেন, “আজ পর্যন্ত একটা এফআইআরও হয়নি। তদন্ত কে করছে? আমলারা? তাহলে কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে?”
গত বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) লন্ডনগামী বিমান এআই-১৭১। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুনে ভস্মীভূত হয়ে যায় সেটি। ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিক্যাল কলেজের হস্টেলে। ওই বিমানে ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রাণে বেঁচেছেন মাত্র একজন।
হাসপাতাল সূত্রে খবর, যাঁদের দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং আত্মীয়রা শনাক্ত করতে পেরেছিলেন, এমন আটজনের দেহ আগেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে বাকিদের ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে যায়। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছিল যে ডিএনএ পরীক্ষাই একমাত্র ভরসা।
রেলের প্রাক্তন মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা টেনে মুখ্যমন্ত্রী বলেন, “রেলে সেফটি কমিশন থাকে, কোনও দুর্ঘটনা হলে তারাই তদন্ত করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে কি তেমন কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা নেই?”
তিনি জানান, শুধু এই একটি দুর্ঘটনা নয়, সাম্প্রতিক নানা ঘটনায় দেশজুড়ে একাধিক দুর্ঘটনা ঘটছে, প্লেন উঠছে, নামানো হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, ছাত্র— সকলেই প্রাণ হারাচ্ছেন। এসব নিয়ে কেন্দ্র কী করছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতার এই মন্তব্য কেবল আমদাবাদ বিমান দুর্ঘটনাকে ঘিরে নয়, বরং কেন্দ্রীয় সরকারের জবাবদিহিতার অভাব ও স্বচ্ছতার সংকট নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিরোধীদের দাবি, এতবড় একটি ঘটনায় যখন প্রাণহানির আশঙ্কা রয়েছে, তখন সরকারের নির্লিপ্ত ভূমিকা উদ্বেগজনক।
মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “আমরা কেবল সহানুভূতি চাই না, চাই সত্যি সামনে আসুক। তদন্ত হোক নিরপেক্ষভাবে।”