এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, "ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি হচ্ছে, তা আসলে হিন্দু ধর্মকেই অপমান করছে।"

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 18 June 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: তুলসী গাছ (Tulsi tree, ) নিয়েও রাজনীতি? মহেশতলার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে পরোক্ষে পদ্মশিবিরকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, "ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি হচ্ছে, তা আসলে হিন্দু ধর্মকেই অপমান করছে।"
মমতার বক্তব্য, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়।”
তাঁর প্রশ্ন, “শ্রীকৃষ্ণকে তুলসী দেওয়া হয়, জগন্নাথকে দেওয়া হয়। তাহলে আপনি নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন? দেবতাদের অসম্মান করছেন। এগুলো অন্যায়।”
নিজের ধর্মীয় বিশ্বাসের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাড়িতে ৪০টা তুলসী গাছ আছে। আমি নিয়মিত তুলসী পুজো করি। কিন্তু কেউ কেউ ধর্ম জানেন না, আবার ধর্মের নামে বড় বড় কথা বলেন।”
সম্প্রতি মহেশতলার ঘটনার পর তুলসীগাছের সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতাকে। অনেকের মতে, নাম না করে শুভেন্দুকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে দিল্লির দিকেও বার্তা দিয়ে মমতা বলেন, “আজ দুর্গাপুজোর সময় কেউ যদি গ্রামে যান, তাহলে তার ফাঁকা বাড়ি দখল করে নেওয়া যাবে? এটা কি কোনও সংস্কৃতি? আমি যদি এখন প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাই, তাহলে আপনারা মানবেন?” তারপরই সংযোজন, “কিন্তু আমরা এসব করি না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বাংলার সংস্কৃতিকে ব্যবহার করে যে রাজনৈতিক চর্চা চলছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এবং সেই চর্চার কেন্দ্রে ধর্ম থাকলে, মুখ্যমন্ত্রী সেখানে চুপ থাকতে রাজি নন।