এর আগে, রাজ্যের ডিজি নিজেই দিঘায় গিয়ে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। জানা গেছে, রথের দিন দুই লক্ষেরও বেশি মানুষের জমায়েত হতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: দিঘার (Digha) ইতিহাসে প্রথমবার আয়োজিত হতে চলেছে রথযাত্রা (Rathyatra)। সেই উপলক্ষে বৃহস্পতিবার সৈকত শহরে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রথের আগের দিন দিঘায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এক, নেত্র উৎসব - পুরোহিতরা নতুন করে দেবতাদের চোখ এঁকে তাঁদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করবেন। আর দুই, নবযৌবন দর্শন - বিশ্রামের পর দেবতাদের প্রথমবার জনসমক্ষে আবির্ভাব হয়।
The wait is over, the divine darshan begins!
On this holy day of Netrotsav, devotees rejoice as the deities appear in all their glory.#JoyJagannath pic.twitter.com/CPFvaH8CMJ— All India Trinamool Congress (@AITCofficial) June 26, 2025
জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) এই দুটি আনুষ্ঠানিকতায় ভক্তদের ভিড় ইতিমধ্যেই উপচে পড়েছে। তার উপর শুক্রবার রথযাত্রার মূল দিনে লাখো মানুষের আগমন ঘটতে পারে বলে অনুমান। সেই কারণে রথের আগেই প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উচ্চপদস্থ পুলিশকর্তারা ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
এর আগে, রাজ্যের ডিজি নিজেই দিঘায় গিয়ে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। জানা গেছে, রথের দিন দুই লক্ষেরও বেশি মানুষের জমায়েত হতে পারে। সেই অনুযায়ী মন্দির চত্বর ও রথযাত্রার রুটজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। পুণ্যার্থীরা নির্বিঘ্নে রথ টানতে পারেন, তার জন্য রাখা হচ্ছে বিশেষভাবে প্রস্তুত লম্বা দড়ি।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সমুদ্র শহরে দর্শনার্থীর ঢল নেমেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি ভক্ত মন্দির দর্শনে এসেছেন। রথযাত্রার দিন সেই ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।