ঘাটালের সভা থেকেই ভাষা-রাজনীতি এবং নাগরিকত্ব ইস্যুতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আমি প্রতিবাদ করেছি বলেই ওরা বলছে, আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করবে! ভয় পাই না আমি ওদের হুমকিকে।”

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 5 August 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল (Waterlogged)। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগ হয়ে ঘাটালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বন্যা পরিস্থিতির জন্য ফের একবার কেন্দ্র (Centre) ও ডিভিসিকে (DVC) কাঠগড়ায় তুললেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র কোনও রকম সদিচ্ছা দেখাচ্ছে না। ডিভিসি আবার ঝাড়খণ্ডকে রক্ষা করতে গিয়ে আমাদের না জানিয়েই হঠাৎ জল ছেড়ে দেয়। এ বার ৫১ হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে ওরা। পরিকল্পনা করেই বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ ক্ষতিপূরণে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্র।”
মমতা মনে করান, কেলেঘাই, কপালেশ্বরীর সংস্কারও কেন্দ্র করেনি। রাজ্যকেই করতে হয়েছিল। ওদের অসহযোগিতা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য রূপায়ণ করবে। বর্ষার পর থেকেই মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ঘাটালের সভা থেকেই ভাষা-রাজনীতি এবং নাগরিকত্ব ইস্যুতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আমি প্রতিবাদ করেছি বলেই ওরা বলছে, আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করবে! ভয় পাই না আমি ওদের হুমকিকে।”
এর পাশাপাশি এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন মমতা। বলেন, “এসআইআরের নামে ফের এনআরসি করার চেষ্টা চলছে। পুরনো ভোটার তালিকা বাতিল করে সবাইকে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে। যদি কোথাও কারও নাম বাদ পড়ে, কী করতে হবে আমরা জানি। কিন্তু ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তাই বলছি, সকলে সতর্ক থাকুন।”
নির্বাচন কমিশনের ভূমিকাও তিরস্কারের সুরে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এপিক কার্ড, আধার কার্ড করেছিল কে? কমিশন নিজে। আজ তারাই আবার বলছে, ওগুলো বাতিল!”
মুখ্যমন্ত্রী জানান, এদিন তিনি ঘাটাল থেকে মেদিনীপুরে যাবেন। আগামিকাল মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম। পরের দিন অরণ্য শহরে জনজাতির একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের।